ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মেঘনা ঘাট বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলাও বাতিল করেছে হাইকোর্ট।
এ নিয়ে আওয়ামী লীগ সভানেত্রীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে করা সাতটি মামলা বাতিল হলো বলে তার কৌঁসুলি মেহেদী হাসান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
হাসিনার আবেদনে বিচারপতি শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর বেঞ্চ বৃহস্পতিবার মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্র মামলায় হাসিনার বিরুদ্ধে কার্যক্রম বাতিল করে রায় দেয়।
রায়ে বলা হয়, "মামলার এজাহারে শেখ হাসিনার নাম ছিলো না। অভিযোগপত্রে তার নাম অন্তর্ভুক্ত করা হলেও এতে অভিযোগের কোনো উপাদান তার বিরুদ্ধে নেই। এ বিবেচনায় মামলাটি বাতিল করা হল।"
বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর আমলে দায়ের করা এ মামলায় ২০০২ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে অভিযোগপত্র দেওয়া হয়।
২০০১ সালে ১১ ডিসেম্বর রমনা থানায় করা এ মামলায় আওয়ামী লীগের এর আগের আমলের বিদ্যুৎ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামকে আসামি করা হয়। মামলায় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অনিয়মের কারণে রাষ্ট্রের ১৭ কোটি ৮৪ লাখ টাকা ক্ষতির অভিযোগ আনা হয়।
২০০২ সালের ১৪ অক্টোবর অভিযোগপত্রে রফিকের সঙ্গে শেখ হাসিনা, বর্তমান যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও সাকো গ্র"পের ব্যবস্থাপক এএমএন ইসলামকেও আসামি করা হয়।
ওই বছরই হাসিনা মামলাটি বাতিলের আবেদন করেন।
হাসিনা সরকার গঠনের পর তার বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলা, ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা, মিগ ২৯ মামলা ও নভোথিয়েটার দুর্নীতি সংক্রান্ত তিনটি মামলা এর আগে বাতিল করে হাইকোর্ট।
মেহেদী জানান, আরো দুটি দুর্নীতি মামলা বাতিলে হাসিনার করা আবেদনের শুনানি আগামী বুধবার হবে।
মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্র মামলায় হাসিনার পক্ষে বৃহস্পতিবার শুনানিতে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসও ছিলেন। দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন মিজানুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৪০০ ঘ.
bdnews24