মাদারীপুর, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর সদর উপজেলার চরগোবিন্দপুর গ্রাম থেকে মঙ্গলবার রাতে অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
তার নাম আহসান বেপারী (৪০)। তিনি চরগোবিন্দপুর গ্রামের সাদেক আলী বেপারীর ছেলে।
তার বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় দুটি হত্যা মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
র্যাব-৮ এর কর্মকর্তা মাদারীপুর ক্যাম্পের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার নূর হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাতে চরগোবিন্দপুর গ্রামের বাড়ি থেকে আহসানকে গ্রেপ্তার করা হয়।
তিনি পূর্ববাংলা সর্বহারা দলের আঞ্চলিক নেতা বলে র্যাব জানায়।
র্যাবের জিজ্ঞাসাবাদে আহসান তার কাছে অবৈধ অস্ত্র এবং গুলি রয়েছে বলে স্বীকার করে।
তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির বারান্দার মাচার ওপর থেকে ১টি কাটা বন্দুক, ২ রাউন্ড গুলি এবং ২টি রামদা উদ্ধার করা হয় বলে নূর হোসেন জানান।
তিনি বলেন, " আহসান এলাকায় একটি সর্বহারা দল নিয়ে দীর্ঘদিন ধরে হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাইসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আত্মগোপন করে থাকতো।"
বুধবার দুপুরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪৫০ ঘ.
bdnews24