২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দর্শনায় ট্রেনের বগি লাইনচ্যুত

চুয়াডাঙ্গার দর্শনা জংশনের কাছে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে যশোর-পোড়াদহ সেকশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2010, 01:12 PM

Updated : 24 Aug 2022, 08:39 PM

ঝিনাইদহ, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার দর্শনা জংশনের কাছে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে যশোর-পোড়াদহ সেকশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুপুর ১টা ৫৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এ সময় বগি ট্রেন থেকে নামতে গিয়ে তিন যাত্রী আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বিকাল সাড়ে ৫টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিম জোনের পাকশী বিভাগের ব্যবস্থাপক এস এম মাহবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। তিনি জানান, দুর্ঘটনাস্থলে ট্রেন লাইনের সংস্কার কাজ চলার কারণে ট্রেনের গতি কম থাকায় দুর্ঘটনার পর দুইশ' গজের মধ্যেই ট্রেন থামানো সম্ভব হয়েছে। এ কারণে ক্ষয়ক্ষতির পরিমান কম। রেল কর্মকর্তা জানান, দুর্ঘটনার ফলে ঢাকা থেকে খুলনাগামী আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস চুয়াডাঙ্গায়, পার্বতীপুর থেকে খুলনাগামী আন্তনগর রূপসা এক্সপ্রেস পোড়াদহ, রাজশাহী থেকে খুলনাগামী আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ঈশ্বরদী এবং খুলনা থেকে গোয়ালন্দ ঘাটগামী আন্তনগর সাগরদাড়ি এক্সপ্রেস খুলনায় আটকা পড়ে। ট্রেনযাত্রী স্বপন বাগচী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বগি লাইনচ্যুত হওয়ায় ভয়ে দুই যাত্রী ট্রেন থেকে লাফিয়ে পড়েন। এক মহিলা তার শিশুকে বাইরে ছুড়ে ফেলে। এতে তিনজনই আহত হয়। এদের নাম জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯০২ ঘ.