২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যরাতে নববর্ষকে বরণ করলো বিএনপি

দেশীয় সংস্কৃতি চর্চায় সবাইকে একাগ্র হওয়ার আহবান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2010, 07:02 PM

Updated : 24 Aug 2022, 08:25 PM

ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশীয় সংস্কৃতি চর্চায় সবাইকে একাগ্র হওয়ার আহবান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে দলের আয়োজনে বাংলা ১৪১৬ সালের চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪১৭ বরণ অনুষ্ঠানে তিনি এই আহবান জানান। একই সঙ্গে নতুন বছরকে তিনি অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সংগ্রামের বছর হিসেবে অভিহিত করেন। পহেলা বৈশাখের ভোরে বাংলা নববর্ষকে বরণের রেওয়াজ থাকলেও এই প্রথম বিএনপি মধ্যরাতে নববর্ষকে বরণ করল। রাত পৌনে ১২টার পর অনুষ্ঠান শুরু হয়। এ উপলক্ষে একটি কক্ষ ফুল ও রঙিন কাপড় দিয়ে সাজানো হয়। সেখানে স্থাপন করা হয় মঞ্চ। খালেদা বলেন, "দেশজ সংস্কৃতির চর্চা করতে হবে আমাদের। নতুন প্রজন্ম নানাভাবে অপসংস্কৃতির শিকার। তাদের রক্ষা করতে হবে। নইলে আমরা এক সময় চোরাবালিতে হারিয়ে যাবো।'' বিএনপি চেয়ারপারসন তার বক্তব্যের শুরুতে বাংলা নববর্ষ উপলক্ষে দলের জ্যেষ্ঠ নেতা ও গণমাধ্যমের সাংবাদিকদের শুভেচ্ছা জানান। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বর্তমান সরকারের দমন-পীড়ন, জনদুর্ভোগ লাঘবে ব্যর্থতার কঠোর সমালোচনা করে বলেন, "দলীয়করণে প্রশাসন স্থবির হয়ে গেছে। আইনসভা আজ বিপর্যস্ত। বিচারের বাণী আজ নিরবে নিভৃর্তে কাঁদে। মানবাধিকার এখন প্রহসনে পরিণত হয়েছে। সরকারি দলের ব্যাপক সস্ত্রাস, চাঁদাবাজি চলছে। এসবের কোনো প্রতিকার নেই।" এ অবস্থা থেকে পরিত্রাণে কঠিন সংগ্রামের জন্য প্রস্তুত হতে দেশবাসীর প্রতি তিনি আহবান জানান। অসুষ্ঠানে জাসাসের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা দিয়ে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান। 'এসো হে বৈশাখ...' দিয়ে সঙ্গীতানুষ্ঠানের শুরু। অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ নেতারা কবিতা আবৃত্তি করেন। পরে অতিথিদের মুড়ি, খই ও মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, জমির উদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, সারোয়ারি রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম মিঞা, সহসভাপতি সেলিমা রহমান, সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, রুহুল আলম চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক উপস্থিত ছিলেন। এছাড়া ছিলেন সাংবাদিক শফিক রেহমান, মাহমুদুর রহমান, কাজী জেসিন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/এইচএ/০০৫৫ ঘ.