বাগেরহাট, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফকিরহাট উপজেলায় এক ব্যবসায়ীর গুদাম থেকে রোববার দুপুরে আড়াই টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে র্যাব।
এই ঘটনায় ওই ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে উদ্ধার কার পলিথিন পুড়ে ফেলেন কর্মকর্তারা।
খুলনার র্যাব-৬ এর মেজর একেএম কামরুজ্জামান বলেন, উপজেলার জাড়িয়া মাইট কুমড়া এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী রফিকুল ইসলামের দু'টি গুদাম থেকে এসব পলিথিন উদ্ধার করা হয়।
পরিবেশ অধিদপ্তর কিংবা বিএসটিআই-এর অনুমতি ছাড়াই তিনি এসব পলিথিন বিক্রির জন্য গুদামজাত করেছিলেন।
র্যাব কর্মকর্তা বলেন, উদ্ধার করা পলিথিন বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান এবং পরিবেশ অধিদপ্তরের খুলনা অফিসের পরিদর্শক শেখ কামাল মেহেদীর উপস্থিতিতে পোড়ানো হয়।
উদ্ধার করা পলিথিনের বাজার মূল্য প্রায় সাড়ে তিনলাখ টাকা বলে তিনি জানান।
ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, স্থানীয়ভাবে বিক্রির জন্য তিনি এই পলিথিন খুলনা থেকে কিনে এনেছেন। এ ধরনের পলিথিন বেচাকেনার জন্য যে বিশেষ অনুমতির প্রয়োজন তা তার জানা ছিল না বলে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৫ ঘ.
bdnews24