রাজশাহী, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর মোহনপুরে ট্রাকের ধাক্কায় একটি মিশুকে আগুন ধরে এক কলেজ অধ্যক্ষসহ দুজন নিহত হয়েছেন।
শুক্রবার ভোরে মোহনপুর থানার মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে ওই থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন।
নিহত আব্দুল মতিন (৪০) শ্যামপুরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছিলেন। নিহত অপরজন মিশুকচালক আশরাফ আলী (২৮) রাজশাহী নগরীর নিমতলা ভাটাপাড়ার এলাকার বাসিন্দা।
পুলিশ কর্মকর্তা মনিরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মতিন ঢাকা থেকে ভোর ৪টার দিকে রাজশাহীতে নামেন। এরপর একটি মিশুক নিয়ে মোহনপুরের শ্যামপুরে নিজের বাড়িতে ফিরছিলেন তিনি।
তিনি বলেন, "মোহনপুর থানার মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মিশুককে ধাক্কা দিলে এটি উল্টে যায় এবং পেট্রোল ট্যাংকে আগুন ধরে যায়।"
মতিন ও আশরাফ অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে পুলিশ জানায়।
ট্রাকচালক আব্দুল জলিলে আটক করেছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা মনিরুল জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১২৪৫ ঘ.
bdnews24