২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসি বন্ধের নির্দেশের বৈধতা নিয়ে প্রশ্ন

নির্দিষ্ট সময়ে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার নিষিদ্ধে বিইআরসির নির্দেশের এখতিয়ার নিয়ে প্রশ্ন উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2010, 09:39 AM

Updated : 24 Aug 2022, 08:07 PM

ডেভিড বার্গম্যান ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্দিষ্ট সময়ে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার নিষিদ্ধে বিইআরসির নির্দেশের এখতিয়ার নিয়ে প্রশ্ন উঠেছে। এর মাধ্যমে কী পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হবে এ বিষয়ও স্পষ্ট করতে পারেনি তারা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিইআরসি সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত হাসপাতাল ও হোটেল-রেস্তোরাঁ ছাড়া কোনো সরকারি, বেসরকারি বা ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং আবাসিক ভবনে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র চালানো যাবে না বলে গত ৩০ মার্চ নির্দেশ জারি করে। তবে বিইআরসি'র বিদ্যুৎ বিভাগের পরিচালক বজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কাছে স্বীকার করেছেন, তাদের পদক্ষেপে কী পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হবে সে সম্পর্কে স্পষ্ট ধারণা তাদের নেই। ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষও সে সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি। তবে বিইআরসি চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন ৩০ মার্চ জানিয়েছেন, তাদের পদক্ষেপে ২০০ থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধের নির্দেশের প্রতিফলন গত দু'দিনে রাজধানীর বেশ কয়েকটি শপিং মল ও সুপার মার্কেটে দেখা যায়নি, যদিও নির্দেশ অমান্যের ক্ষেত্রে শাস্তির ব্যবস্থা রয়েছে বলে জানানো হয়। বিইআরসি কর্তৃপক্ষের এ ধরনের নির্দেশ জারি করার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের দুই জ্যেষ্ঠ আইনজীবী। বিইআরসি'র এ পদক্ষেপের নেপথ্যে রয়েছেন বিদ্যুৎ আইন বিশেষজ্ঞ ও বিইআরসি'র সদস্য ড. সেলিম মাহমুদ। তিনি বরাবরই দাবি করে আসছেন, বিদ্যুৎ সাশ্রয়ে যে কোনো পদক্ষেপ গ্রহণের ক্ষমতা বিইআরসি কর্তৃপক্ষের রয়েছে। তবে ড. এম জহির ও ড. শাহদীন মালিক বলছেন, এসি চালানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ বিইআরসির এখতিয়ার বহির্ভূত। তারা বলেন, বাংলাদেশ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন অ্যাক্ট ২০০৩ তাদের এ ক্ষমতা দেয় না যাতে করে তারা এভাবে বিদ্যুৎ ব্যবহারের ধরন নিয়ন্ত্রণ করতে পারেন। এ ক্ষেত্রে তাদের জনগণের মতামত গ্রহণের প্রয়োজন ছিলো। এম জহির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি মনে করি না আইনের এ ধারার মাধ্যমে দিনের নির্দিষ্ট সময় এসি ব্যবহার নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিতে পারে।" শাহদীন মালিকও বলেন, "আইনের এই ধারা জনগণের বিদ্যুৎ ব্যবহার বন্ধে পদক্ষেপ গ্রহণের ক্ষমতা কমিশনকে দেয়নি।" তিনিও মনে করেন, এ ধরনের পদক্ষেপ গ্রহণের আগে ভোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন ছিল। তবে আইনজীবীদের সমালোচনা নাকচ করে বিইআরসি'র সদস্য সেলিম মাহমুদ বলেন, "বিদ্যুৎ সাশ্রয়ে যে কোনো নির্দেশনা দেওয়ার ক্ষমতা কর্তৃপক্ষের রয়েছে।' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিবি/সিআর/এমআই/১৫৩৩ ঘ.