মানিকগঞ্জ, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় গণপিটুনিতে দুই ডাকাত নিহত এবং সাতজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার চরকাটারী এলাকায় যমুনা নদীতে একটি যাত্রীবাহী ট্রলারে হানা দিলে এদের আটক করা হয়।
নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার আলোকদিয়া এলাকার আকতার হোসেন (৩৫) ও টুকু মিয়া (৩৪)।
দৌলতপুর থানার ওসি মো. শওকত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টার দিকে একদল ডাকাত যাত্রীবাহী ট্রলারটিতে হানা দেয়। যাত্রীদের চিৎকারে আশপাশ থেকে জেলে ও লোকজন ছুটে আসে। তারা ট্রলার নিয়ে ডাকাতদের ধাওয়া করে নয়জনকে ধরে ফেলে।
পরে তাদের পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ওসি জানান, আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের নেওয়ার পথে আকতার ও টুকু মারা যায়। বাকিরা ওই কেন্দ্রে চিকিৎসাধীন আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৮ ঘ.
bdnews24