২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ বিলবোর্ড উচ্ছেদের সিদ্ধান্ত ডিসিসি'র

রাজধানীর সব অবৈধ বিলবোর্ড উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2010, 07:03 PM

Updated : 24 Aug 2022, 07:47 PM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সব অবৈধ বিলবোর্ড উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি)। মঙ্গলবার ডিসিসি'র এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ডিসিসি'র প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ডিসিসি এ সিদ্ধান্ত নিয়েছে। রাজধানীর সব বিলবোর্ড উচ্ছেদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে সকালে এ বৈঠক বসে। বৈঠকে বিলবোর্ড ওনার্স এসোসিয়েশন ও বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার প্রতিনিধি ও ডিসিসির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিরাজুল ইসলাম বলেন, বৈঠকে অবৈধ বিলবোর্ড উচ্ছেদে অতিরিক্ত সরঞ্জাম ও লোকবল বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বিজ্ঞাপনী সংস্থার প্রতিনিধিরা অবৈধ বিলবোর্ড উচ্ছেদ না করার অনুরোধ জানিয়ে বিকল্প কোনো ব্যবস্থার দাবি জানান। নেপচুন এডভারটাইজিং-এর ব্যবস্থাপনা পরিচালক ও বিলবোর্ড ওনার্স এসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম জানান, ডিসিসি'র এ সিদ্ধান্তের ফলে বিলবোর্ড ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা হুমকির মুখে পড়বেন। এতে প্রায় ১০০ কোটি টাকার ব্যবসা বন্ধ হয়ে যাবে। এ খাতে জড়িত কয়েক হাজার লোক বেকার হয়ে পড়বে। পূর্বপরিকল্পনা অনুযায়ী ডিসিসি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান চালিয়ে যাবে। আগামী ২৬ মার্চ ধানমন্ডি মাঠ থেকে রাসেল স্কয়ার পর্যন্ত, ১ এপ্রিল কুড়িল মোড় থেকে নতুন বাজার পর্যন্ত, ৮ এপ্রিল ফার্মগেট থেকে বিজয় সরণি এলাকা, ১৫ এপ্রিল আগারগাঁও ও এর সংলগ্ন এলাকায় এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানান ডিসিসি'র প্রধান নগর পরিকল্পনাবিদ। গত ১৫ মার্চ রাতে গুলশানে ঝড়ের সময় বিলবোর্ডে চাপা পড়ে ২ জন নিহত হয়। ১৮ মার্চ শাহবাগে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযানে নামে ঢাকা সিটি করপোরেশন। পুলিশের অসহযোগিতা ও নিরাপত্তাহীনতার কারণে শুরুর দু'ঘণ্টার মধ্যেই অভিযান বন্ধ করে দেয় ডিসিসি। এরপর গত ২১ মার্চ ঢাকার সব অবৈধ বিলবোর্ড অপসারণের জন্য সিটি কর্পোরেশনকে নির্দেশ দেয় হাইকোর্ট। এ কাজে অহযোগিতার অভিযোগ ওঠায় শাহবাগ থানার ওসিকেও তলব করা হয়। একইসঙ্গে বৈধ বিলবোর্ডগুলো সঠিকভাবে স্থাপন করা হয়েছে কিনা, তাও জানতে চেয়েছে আদালত। মানবাধিকার সংগঠন হিউমেন রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এর একটি রিট আবেদনের প্রেক্ষিতে আদালত এসব আদেশ দেয়। গত ১৫ মার্চ রাজধানীতে বিলবোর্ড চাপা পড়ে দুজনের মৃত্যুর পর ২১ মার্চ মানবাধিকার সংগঠনটি এ রিট আবেদন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএ/