ঝিনাইদহ, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
নিহত আব্দুস সামাদ (৬৫) সদর উপজেলার সাগান্না ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। সোমবার ভোররাতে সদর উপজেলার রাধানগর গ্রামে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয় বলে পুলিশ জানায়।
নিহতের ছেলে মোশারফ হোসেন সাংবাদিকদের বলেন, "রাত ২টার দিকে দুজন ব্যক্তি বাড়ি থেকে বাবাকে ডেকে নিয়ে যায়। এরপর তার চিৎকারে আমরা গিয়ে বাড়ির পাশের একটি কলাবাগানে তার লাশ পাই।"
ঝিনাইদহ সদর থানার ওসি মতিয়ার রহমান জানান, সামাদকে কুপিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
মোশারফ জানান, ২০০৪ সালে তার বড় ভাই ইমরান হোসেন ওরফে ঠাণ্ডুকেও চরমপন্থীরা হত্যা করেছিলো।
এ হত্যাকাণ্ডের পেছনেও চরমপন্থীরা জড়িত থাকতে পারে বলে তার ধারণা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫০ ঘ.
bdnews24