গাইবান্ধা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার ফুলছড়ি-সাঘাটা সড়কের বাদিয়াখালিতে আলাই নদীর সেতুটি সোমবার সন্ধ্যায় ধসে পড়েছে।
এতে জেলা সদরের সঙ্গে ফুলছড়ি ও সাঘাটা উপজেলার যোগাযোগ বিছিন্ন হয়ে গেছে। সেতুর দু'পাশে আটকা পড়েছে কয়েক শ' যানবাহন।
বর্তমানে ১৫ কিলোমিটার ঘুরে মদনেরপাড়া-কালিবাজার হয়ে বিকল্প পথে ওই দুই উপজেলার লোকজন জেলা সদরে যাতায়াত করছে বলে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আমিন জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় ৬০ বছর আগে নির্মিত সেতুটি পরবর্তীতে আর সংস্কার হয়নি। ২/৩ মাস আগে সেতুটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এখানে নতুন সেতু নির্মাণের জন্য প্রায় ১২ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এ ছাড়া দু'য়েকদিনের মধ্যে দুই উপজেলার সঙ্গে জেলা সদরের যোগাযোগের বিকল্প ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/০১০৫ ঘ.
bdnews24