২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাপসকে 'হুমকিদাতা' ১০ দিনের রিমান্ডে

আওয়ামী লীগের সংসদ সদস্য ফজলে নূর তাপসকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার সোহেল রানাকে ১০ দিন ধরে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2010, 11:04 AM

Updated : 24 Aug 2022, 07:24 PM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সংসদ সদস্য ফজলে নূর তাপসকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার সোহেল রানাকে ১০ দিন ধরে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। গোয়েন্দা পুলিশের আবেদনে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু জাফর মো. কামরুজ্জামান মঙ্গলবার এ সময় দিয়েছেন। সোহেলকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে গত ২২ ফেব্র"য়ারি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে তাপসের ওপর বোমা হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আকবর হোসেন জিজ্ঞাসাবাদের আবেদন জানান। রিমান্ড আবেদনে বলা হয়, বোমা হামলার আগে ও পরে সোহেল রানা মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে তাপসকে প্রাণনাশের হুমকি দেয়। ওই মামলায় আগামী ২৯ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ঠিক হয়েছে বলে সংশ্লিষ্ট আদালতের পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা মো. আবদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। এ মামলার গ্রেপ্তার অন্যরা হলেন- বঙ্গবন্ধু মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শরিফুল হক ডালিমের ভাই কামরুজ্জামান স্বপন, কর্নেল রশিদের মেয়ে মেহনাজ রশিদ, ফ্রিডম পার্টির নেতা সফিউদ্দিন সফু, একই পার্টির নেতা আব্দুর রহিম, ফাঁসি হওয়া বজলুল হুদার ভাইপো আতাউল হুদা, ফাঁসি হওয়া একেএম মহিউদ্দিনের দুই ছেলে নাজমুল হাসান এবং মাহবুবুল হাসান ইমরান। গত বছরের ২১ অক্টোবর মতিঝিল এলাকায় ফজরে নূর তাপসের গাড়িতে বোমা হামলা হয়। তাপস বঙ্গবন্ধু পরিবারের একজন সদস্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৬৫০ ঘ.