ফেনী, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আট ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম পথে রেল চলাচল সোমবার সকাল ১১টায় পুনরায় শুরু হয়েছে।
ফেনীতে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় সোমবার ভোররাত থেকে রেল চলাচল বন্ধ হয়ে যায়।
এরপর চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করে। সকাল ১১টার সময় বগি দুটিকে লাইন থেকে সরিয়ে নেওয়ার পর রেল চলাচল স্বাভাবিক হয় বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন।
বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মতিউর রহমান সাংবদিকদের জানান, চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী মালগাড়ির দুটি বগি রাত ৩টার দিকে ফেনীর ফাজিলপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়।
এতে কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।
এ কারণে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে তুর্ণা নিশিথাসহ কয়েকটি ট্রেন। সকাল ১১টার পর এগুলো নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৩৫ ঘ.
bdnews24