২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্রসীমা নির্ধারণে আইনজীবী নিয়োগ

বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা বিষয়ক সালিশ নিষ্পত্তিতে তিনজন আইনজীবী নিয়োগ দিয়েছে এ সংক্রান্ত আন্তর্জাতিক ট্রাইবুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2010, 04:56 PM

Updated : 24 Aug 2022, 07:08 PM

কামরান রেজা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা বিষয়ক সালিশ নিষ্পত্তিতে তিনজন আইনজীবী নিয়োগ দিয়েছে এ সংক্রান্ত আন্তর্জাতিক ট্রাইবুনাল। ইন্টারন্যাশনাল ট্রাইবুনাল ফর দ্য ল অব দ্য সি এ আইনজীবী নিয়োগ দিয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রোববার জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। নামপ্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, "ইতালির তুল্লিও ত্রেভেস, অস্ট্রেলিয়ার ইভান শিয়ারার এবং জার্মানির রুডিগার ওলফ্রামকে সালিশি আইনজীবী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী ইন্টারন্যাশনাল ট্রাইবুনাল ফর দ্য ল অব দ্য সি এ মনোনয়ন দেয়।" ট্রাইবুনালে সর্বোচ্চ চার বছরের মধ্যে বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা বিষয়ক সালিশ নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করেন ওই কর্মকর্তা। এর আগে বাংলাদেশ ব্রিটিশ আইনজীবী ভন লৌকে (কিউসি) এবং ভারত শ্রীনিবাস রাওকে ট্রাইবুনালে নিজ নিজ দেশের প্রতিনিধি নির্বাচন করে। দুদেশের সম্মতিতে এ দুজনকে নিয়োগ দেয় ট্রাইবুনাল। মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্রসীমার সালিশ নিষ্পত্তিতে বাংলাদেশ ইন্টারন্যাশনালে ট্রাইবুনালে যাওয়ার ঘোষণা দেয় গত বছরের অক্টোবর মাসে। 'সমতা' পদ্ধতিতে সমুদ্রসীমা নির্ধারণের দাবি বাংলাদেশের। ভারত ও মিয়ানমার চায় 'সম-দূরত্ব' পদ্ধতিতে সমুদ্রসীমা নির্ধারণ হোক। এ পদ্ধতিতে বঙ্গোপসাগরে বাংলাদেশের ১৭টি ব্লকের ১০টি ভারত এবং সাতটি মিয়ানমার তাদের নিজেদের বলে দাবি করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/পিডি/২১০০ ঘ.