মিন্টু চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইয়ার্ডগুলো বন্ধ করে আবার তা চালুর দাবিতেই শ্রমিকদের আন্দোলনে নামানোর অভিযোগ এসেছে সীতাকুণ্ডের জাহাজ ভাঙ্গার ইয়ার্ড মালিকদের বিরুদ্ধে; যদিও মালিকরা তা অস্বীকার করেছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডের উপকূলজুড়ে গড়ে ওঠা জাহাজ ভাঙ্গা শিল্পের শ্রমিকরা রোববার ইয়ার্ডগুলো চালুর দাবিতে মানববন্ধন করেছে। তাদের কর্মসূচির কারণে দুপুরে দুই ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রোববার বিকাল পর্যন্ত যানজটে দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের।
মানববন্ধনে অংশ নেওয়া বেশ কয়েকজন শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর কাছে স্বীকার করেছেন, ইয়ার্ড মালিকরাই তাদের এ কর্মসূচি পালনে প্ররোচিত করেছে।
বাতিল (স্ক্র্যাপ) জাহাজ আমদানির ক্ষেত্রে রপ্তানিকারক দেশের 'পরিবেশ ছাড়পত্র' বাধ্যতামূলক করে গত ২১ জানুয়ারি এক আদেশ জারি করে বাণিজ্য মন্ত্রণালয়। ওই আদেশ বাতিলের দাবিতে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন (বিএসবিএ) গত ২১ ফেব্র"য়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ইয়ার্ডগুলো বন্ধ করে দেয়।
এতে চাকরি হারানোর শঙ্কায় পড়ে অন্তত ৩ হাজার শ্রমিক অবিলম্বে ইয়ার্ডগুলো চালুর দাবিতে ভাটিয়ারিতে মহাসড়কে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে অংশ নেওয়া বেশ কয়েকজন শ্রমিক বলেন, 'সরকার জাহাজ কাটা বন্ধ করে দিচ্ছে' বলে ইয়ার্ড মালিকরা তাদের আন্দোলনে নামিয়েছে।
সীতাকুণ্ডের সিকো স্টিল নামক শিপ ব্রেকিং ইয়ার্ডের শ্রমিক জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজকে এখানে এলে মালিক মাঝখানে কাজ না হওয়া দিনগুলোর বেতন দেবে বলে জানিয়েছে।"
"মানববন্ধনে না এলে মালিক হাজিরা না দেওয়ার হুমকি দিয়েছে, তাই এসেছি", বলেন একই এলাকার কবির স্টিল নামক ইয়ার্ডের শ্রমিক নাজেম।
তিনি ক্ষোভের সঙ্গে বলেন, "আমাদের বেতনভাতা বাড়ানো ও জীবনের নিরাপত্তা নিয়ে মালিকদের কোনো নজর নেই। উল্টো তারা কাজ বন্ধ করে দিয়েছে।"
জাহাজ ভাঙ্গা শিল্পের সঙ্গে প্রায় ৩০ হাজার শ্রমিক-কর্মচারী প্রত্যক্ষভাবে যুক্ত থাকলেও দীর্ঘ ৪০ বছরেও সেখানে শ্রমিকদের কোনো সংগঠন গড়ে ওঠেনি।
ইয়ার্ডগুলোতে অনিরাপদ ও অস্বাস্থ্যকর পরিবেশে শ্রমিকদের কাজ করতে হচ্ছে বলে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে। এনিয়ে আদালতেও গেছে তারা। গত বছর দুর্ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক মারাও যায়।
সরকারের সিদ্ধান্তের বিষয়ে কিছু জানেন না কি না- জানতে চাওয়া হলে অধিকাংশ শ্রমিকের কাছ থেকে 'না' সূচক উত্তর পাওয়া যায়।
জাহেদ নামে এক শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যদি সরকারি আদেশ আমাদের ভালোর জন্য হয়, তবে মানতে রাজি আছি।"
তবে একই সঙ্গে ইয়ার্ডও খুলে দেওয়ার দাবি জানান তিনি।
মানববন্ধনস্থল ভাটিয়ারিতে বিভিন্ন ইয়ার্ড থেকে কয়েকশ ট্রাকে করে শ্রমিকরা আসে। এ ব্যবস্থাও ইয়ার্ড মালিকরা করে দিয়েছে বলে শ্রমিকরা জানায়। শ্রমিকদের সঙ্গে স্থানীয়দেরও কর্মসূচিতে দেখা যায়।
মানববন্ধনের সময় শ্রমিকরা 'ইয়ার্ড ধ্বংসের চক্রান্ত বন্ধ কর', 'বেলা-ইপসার দালালেরা হুঁশিয়ার সাবধান' স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করে।
জাহাজ ভাঙ্গা শিল্পে অনিরাপদ পরিবেশ নিয়ে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) ও বেসরকারি প্রতিষ্ঠান ইয়ং পাওয়ার ইন সোস্যাল অ্যাকশন (ইপসা) সোচ্চার।
শ্রমিকদের কর্মসূচি শেষে সীতাকুণ্ডের কদমরসূল এলাকায় একটি শিপইয়ার্ডে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন (বিএসবিএ)।
সংগঠনের সহ-সভাপতি কামাল উদ্দিন আহমেদ শ্রমিকদের অভিযোগ অস্বীকার করে বলেন, ইয়ার্ড বন্ধের ফলে শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছে, তাই তারা মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করছে।
শ্রমিকদের চাকরিচ্যুতি ও বেতন বন্ধের হুমকি দিয়ে আন্দোলনে নামানোর অভিযোগ বিষয়ে তিনি বলেন, "এটা ঠিক নয়। জোর করে কয়েকটি ইয়ার্ডের শ্রমিকদের মাঠে নামানো যায়, সবাইকে নয়।"
বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে কামাল বলেন, "তা না হলে দেশের সম্ভাবনাময় এ শিল্প বন্ধ হয়ে যাবে এবং এর সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ২০ থেকে ২৫ লাখ লোক বেকার হয়ে পড়বে।"
আগে বিদেশ থেকে আনা স্ক্র্যাপ জাহাজগুলো পরিবেশবান্ধব ও বর্জ্যমুক্ত করে সরকারি ছাড়পত্র নিয়ে তবে সীতাকুণ্ডের উপকূলীয় এলাকায় ভাঙ্গার জন্য আনা হতো বলে দাবি করেন তিনি।
জাহাজ ভাঙ্গা শিল্পের অনিরাপদ পরিবেশ নিয়ে সোচ্চার পরিবেশবাদী সংগঠনগুলোর দিকে ইঙ্গিত করে কামাল বলেন, "জাহাজ নির্মাণে ইউরোপীয় দেশগুলো বাংলাদেশের সঙ্গে পেরে না উঠে তারা এখন এনজিওদের মাধ্যমে দেশের সম্ভাবনাময় এ শিল্পকে ধ্বংসের চক্রান্তে মেতে উঠেছে।"
সীতাকুণ্ডের ভাটিয়ারি, মাদাম বিবির হাট, কদম রসূল, কুমিরা এলাকায় প্রায় একশ জাহাজ ভাঙ্গার ইয়ার্ড রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৮৪৭ ঘ.
bdnews24