২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ডিসিসি নির্বাচন মে মাসে'

ওয়ার্ড সীমানা নিয়ে পাঁচটি রিট আবেদন আদালত খারিজ করার পর প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা ইঙ্গিত দিয়েছেন, আগামী মে মাসে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2010, 07:51 AM

Updated : 24 Aug 2022, 07:06 PM

চাঁদপুর, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়ার্ড সীমানা নিয়ে পাঁচটি রিট আবেদন আদালত খারিজ করার পর প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা ইঙ্গিত দিয়েছেন, আগামী মে মাসে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হবে। তিনি শুক্রবার চাঁদপুরে সাংবাদিকদের আরো জানান, মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদ নির্বাচন এ বছরই শেষ করা হবে। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে ভোলা-৩ আসনে উপনির্বাচন হবে বলেও জানান সিইসি। শুক্রবার চাঁদপুরে অংকুর কচি-কাঁচার মেলা আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে বেলা সাড়ে ১১টায় চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সামসুল হুদা। ডিসিসি নির্বাচনের বিষয়ে তিনি বলেন, "আদালত রিট আবেদন খারিজ করেছে ঠিকই কিন্তু আমাদের লাভ হয়নি। ইনজাংশন জারির কারণে সময়মতো তফসিল ঘোষণা করা হয়নি। "পুরো এপ্রিল জুড়ে ও মে মাসের মধ্যবর্তী সময় পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা চলবে। আর এসব বিদ্যালয়ের যে সব শিক্ষক রয়েছেন তারাই মূলত নির্বাচনে দায়িত্ব পালন করে থাকেন। আমরা যদি খুব দ্রুতও নির্বাচন করি, তাহলেও মে মাসের শেষ সপ্তাহ ছাড়া সম্ভব নয়।" মেয়াদোত্তীর্ণ ডিসিসি নির্বাচন মার্চ মাসে করার পরিকল্পনা ছিলো নির্বাচন কমিশনের। তবে এর মধ্যে ওয়ার্ড সীমানা ও ভোটার তালিকা নিয়ে পাঁচটি রিট আবেদন হওয়ায় তা ব্যাহত হয়। নির্বাচনের তফসিল ঘোষণা না করতেও আদালত নির্দেশ নেয়। তবে বৃহস্পতিবার রিট আবেদনগুলো খারিজ হওয়ায় নির্বাচনের পথে বাধা কাটলো। ইউপি নির্বাচনের বিষয়ে সিইসি বলেন, "দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় এসব ইউনিয়নের কার্যক্রম অনেকটা তামাদী অবস্থায় রয়েছে। ইউপি নির্বাচন নিয়মিত করতে হবে।" তিনি জানান, ইউনিয়ন নির্বাচন উপকূলীয় অঞ্চল থেকে শুরু হয়ে একনাগাড়ে চলবে এবং তা এ বছরের মধ্যেই শেষ করার পরিকল্পনা ইসির রয়েছে। ভোলা-৩ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের জসিমউদ্দিনের প্রার্থিতা আদালত খারিজ করায় আসনটি শূন্য হয়েছে। সেখানে তিন মাসের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদের আবেদনে আদালত অবসর সংক্রান্ত নিয়ম না মানায় জসিমউদ্দিনের প্রার্থিতা খারিজ করে। প্রধান বিরোধী দল বিএনপি ইসির নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন তুলেছে, তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে সিইসি বলেন, "তা আপনারা মূল্যায়ন করবেন। সামনে ভোলা সংসদ, সিটি কর্পোরেশন, ৩০৫টি পৌরসভা, ৪ হাজার ৪০৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রশাসন কীভাবে কাজ করে, আমরা কীভাবে কাজ করি, তা আপনারা দেখবেন।" বেলা ১২টায় চাঁদপুর ক্লাব মিলনায়তনে চাঁদপুর অংকুর কচি-কাঁচার মেলার প্রাক্তন সদস্যদের পুনর্মিলনীতে অংশ নেন শামসুল হুদা। তিনি এক সময় কচি-কাঁচার মেলার সদস্য ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামসুল হুদা বলেন, "কচি-কাঁচার মেলার অনেক সদস্য এখন প্রতিষ্ঠিত। আমি এ সংগঠনের একজন সদস্য হিসেবে গর্বিত।" সংগঠনের চাঁদপুর শাখা পরিচালক মাহবুবুর রহমান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার পরিচালক খোন্দকার ইব্রাহিম খালিদ, চাঁদপুর পৌরসভার মেয়র নাসির উদ্দিন আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি ইকবাল-বিন-বাশার প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪০ ঘ.