২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সশস্ত্র্র বাহিনীর জন্য জঙ্গিবিমান, ফ্রিগেট ও ট্যাংক কেনা হবে

সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে বর্তমান অর্থবছরে জঙ্গিবিমান, ফ্রিগেট ও ট্যাংক কেনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দাকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2010, 06:27 PM

Updated : 24 Aug 2022, 06:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে বর্তমান অর্থবছরে জঙ্গিবিমান, ফ্রিগেট ও ট্যাংক কেনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দাকার। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এতথ্য জানান। চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. হারুনুর রশিদের এক লিখিত প্রশ্নের জবাবে সংসদ কার্যে সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাবেক এয়ারভাইস মার্শাল এ কে খন্দকার জানান, সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের জন্য চলতি অর্থবছরে এক স্কোয়াড্রন জঙ্গি বিমান এবং বিমান থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা রয়েছে। সেই সঙ্গে নৌবাহিনীর জন্য একটি পুরনো ফ্রিগেট কেনারও পরিকল্পনা রয়েছে সরকারের। ইতিমধ্যে সেনাবাহিনীর জন্য সাতটি ট্যাংক, একটি আর্মার্ড রিকভারি ভেহিকেল (এআরভি), জাতিসংঘ মিশনের জন্য আশিটি আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) ও দুইটি হেলিকপ্টারসহ আরো কিছু সামরিক সরঞ্জাম কেনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, নৌবাহিনীর জন্য দশ বছরের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে চলতি অর্থবছরে দুইটি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট, পাঁচটি প্যাট্রোল ক্রাফট নির্মাণ,একটি হাইড্রোগ্রাফিক সার্ভে জাহাজ এবং একটি অয়েল ট্যাংকার নির্মাণের কার্যক্রম প্রক্রিয়াধীন। পাশাপাশি 'গভর্র্নমেন্ট টু গভর্নমেন্ট' প্রক্রিয়ায় বন্ধুভাবাপন্ন দেশগুলোর কারো কাছ থেকে ব্যবহৃত ২/১টি পুরনো ফ্রিগেট কেনার পরিকল্পনা রয়েছে। এছাড়া বড় প্যাট্রোল ক্রাফট ও যুক্তরাজ্যের নৌবাহিনী থেকে অফশোর প্যাট্রোল ভেসেল কেনার কার্যক্রম চলছে। নৌবাহিনীর কার্যক্ষমতা বাড়াতে মিসাইল বোট এবং পেট্রোল ক্রাফটগুলোর আধুনিকায়নের কাজও চলছে। এছাড়া চলতি অর্থবছরে একটি ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, একটি এয়ার ডিফেন্স রাডার, দুইটি হেলিকপ্টার, এক স্কোয়াড্রন জঙ্গি বিমান এবং জঙ্গি বিমান থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা রয়েছে বলেও জানান মন্ত্রী। শান্তি চুক্তি পর্যন্ত উদ্ধার হওয়া অস্ত্র/গোলাবারুদ পার্বত্য চট্টগ্রামে ১৯৯৭ সালে শান্তিচুক্তি সম্পাদিত হওয়া পর্যন্ত নিরাপত্তাবাহিনীর বিভিন্ন অপারেশন ও উদ্ধার অভিযানে ৩৫টি এলএমজি, ২০৭টি এসএমজি/এসএমসি, ৪৪৫টি রাইফেল, ৯৫টি পিস্তল, ৮২৭টি এসবিবিএল/সিভিলগান, ৩৫৯টি গ্রেনেড, ৭০টি রকেট লঞ্চার/মর্টার/গ্রেনেড লঞ্চার, ১৩টি মাইন/বোমা এবং ৪,৪৯,১২০টি ক্ষুদ্রাস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাংসদ মোহাম্মদ শাহ আলমের এক লিখিত প্রশ্নের জবাবে এ কে খন্দকার এ তথ্য জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/২৩৫৫ঘ.