সিলেট, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধরে নিয়ে যাওয়া বিডিআর সদস্যকে পতাকা বৈঠক শেষে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত তামাবিল সীমান্তে এ বৈঠক চলে।
বৈঠকে বিডিআরের পক্ষে নেতৃত্ব দেন ২১ রাইফেলস ব্যাটালিয়নের প্রধান (সিও) লেফটেন্যান্ট কর্নেল খন্দকার জহিরুল আলম। অন্য পক্ষে ছিলেন মেঘালয় বিএসএফ'র এর একজন কোম্পানি কমান্ডার এস তির্কি।
ভবিষ্যতে বিএসএফ আর কখনো সীমান্তে 'আগ্রাসী পদক্ষেপ' নেবে না বলে বৈঠকে জানিয়েছে।
সকাল ১০টার দিকে সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে বিডিআর এর নায়েক মুজিবুর রহমানকে বিএসএফ সদস্যরা ধরে নিয়ে যায়।
ওই সময় ঘটনাস্থল থেকে আসা দুই বিডিআর সদস্যের বরাত দিয়ে বিডিআরের স্থানীয় কর্মকর্তারা নায়েক মুজিবুর রহমান গুলিতে আহত হয়েছেন বলে জানান।
কিন্তু মুজিবুর ফিরে আসার পর তিনি আহত হননি বলে নিশ্চিত করেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বিডিআর কর্মকর্তা। তবে তাকে মারধর করার কথা স্বীকার করেন তিনি।
এর আগে বিকালে ২১ রাইফেলস ব্যাটালিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল খন্দকার জহিরুল আলম বলেছিলেন, নায়েক মুজিবুর রহমানকে সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ সীমান্ত থেকে ধরে নিয়ে যায় বিএসএফ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তখন বলেন, "সকালে জৈন্তাপুর সীমান্তের ১২৮৩-১২৮৪ নং পিলার সংলগ্ন বাংলাদেশের ভূমির প্রায় ৫০ মিটার ভেতরে ঢুকে পড়ে বিএসএফ'র ১৫-২০ জনের একটি দল।"
মুজিবুর পায়ে গুলিবিদ্ধ হন বলেও তিনি তখন জানান।
এদিকে সন্ধ্যায় বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আতঙ্কিত হয়ে দুই পক্ষের ভুল বোঝাবুঝির কারণে এমনটি ঘটেছে। দু'পক্ষ থেকেই গুলি ছোঁড়ার ঘটনা ঘটলেও বিডিআরের কেউ আহত হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/ডিডি/এসকে/২২২৮ঘ.
bdnews24