চাঁদপুর, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় বৃহস্পতিবার একটি যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩০ যাত্রী।
নিহতের নাম আব্দুল মান্নান (৬২)। তিনি নোয়াখালী সদর উপজেলার চর করিমউল্লাহ'র বাসিন্দা।
ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১২টার দিকে ভাটিয়ালপুর এলাকা অতিক্রমের সময় চাকা ফেটে বাসটি উল্টে খালে পড়ে যায়।
স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার করে।
আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে মান্নান মারা যান বলে স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
আহত যাত্রী দেলোয়ার হোসেন জানান, নোয়াখালীর করমুল এলাকা থেকে চাঁদপুর সদর উপজেলার গাছতলা এলাকায় পীর সাহেবের ওয়াজ মাহফিলে যোগ দিতে তারা বাসটিতে করে আসছিলেন।
বাসটিতে ৫৫ জন যাত্রী ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪২৪ ঘ.
bdnews24