২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শুল্ক ফাঁকি: চট্টগ্রাম বন্দরে গাড়ির যন্ত্রাংশ আটক

শুল্ক ফাঁকি দিতে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা দুই কনটেইনার গাড়ির যন্ত্রাংশ আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2010, 04:50 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুল্ক ফাঁকি দিতে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা দুই কনটেইনার গাড়ির যন্ত্রাংশ আটক করা হয়েছে। চট্টগ্রাম শুল্ক বিভাগের আমদানি গোয়েন্দারা চট্টগ্রাম বন্দরে চিটাগাং কন্টেইনার টার্মিনালে (সিসিটি) বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কায়িক পরীক্ষা শেষে এসব পণ্য আটক করেছে। শুল্ক গোয়েন্দা কর্মকর্তা নিজামউদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুল্ক ফাঁকি দিতে পাওয়ার টিলারের খুচরা যন্ত্রাংশের ঘোষণা দিয়ে দুই কনটেইনার গাড়ির যন্ত্রাংশ (বল-বিয়ারিং) আমদানি করেছে সুমন ট্রেডার্স নামের ঢাকার একটি প্রতিষ্ঠান। কাস্টমস সূত্র জানায়, প্রতিষ্ঠানটির স্থানীয় সিএন্ডএফ এজেন্ট ডায়মন্ড ট্রেডিং। গত মঙ্গলবার সন্ধ্যায় কনটেইনার দুটি খুলে চারটি কাভার্ড ভ্যানে এসব পণ্য ওঠানোর সময় আমদানি গোয়েন্দা শাখার কর্মকর্তারা ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে সন্দেহজনক মনে হওয়ায় পণ্য খালাস বন্ধ রাখা হয়। বৃহস্পতিবার আমদানি গোয়েন্দা শাখার একটি দল কায়িক পরীক্ষা করে। নিজামউদ্দিন খান জানান, পাওয়ার টিলারের খুচরা যন্ত্রাংশের শুল্ক হার ৩৪। কিন্তু আমদানি করা গাড়ির যন্ত্রাংশের শুল্ক হার ২৭। তাৎক্ষণিকভাবে আমদানিকৃত পণ্যের মূল্য ও কি পরিমাণ শুল্ক ফাঁকি দেয়া হয়েছে তা জানাতে পারেন নি শুল্ক কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/কেএমএস/২২৩৬ ঘ.