২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রত্যাহার সুপারিশের মতো দুদকের মামলা আর নেই: কামরুল

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা আর কোন মামলা প্রত্যাহারের সুপারিশ করার মতো নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2010, 11:42 AM

Updated : 25 Aug 2022, 07:53 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা আর কোন মামলা প্রত্যাহারের সুপারিশ করার মতো নেই। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রাজনৈতিক হররানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত ২৪তম বৈঠক শেষে আইন ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এ তথ্য দেন। তিনি জানান, মঙ্গলবারের সভায় দণ্ডবিধির ১৪৪০টি মামলার মধ্যে ১৪৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। নামঞ্জুর করা হয়েছে ২৫৫টি। এছাড়া পরবর্তী বিবেচনার জন্য ১০৪০টি মামলা রাখা হয়েছে। আর দুদকের ১২৬টি মামলার মধ্যে ২৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। কামরুল ইসলাম বলেন, "এ পর্যন্ত দুদকের যে কয়টি মামলা এসেছে তা প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়ে গেছে। আর কোন মামলা প্রত্যাহারের সুপারিশ করার মত নেই। প্রত্যাহারের সুপারিশ করার জন্য এ পর্যন্ত দণ্ডবিধির ও অন্যান্য ১০ হাজার ২৯৩টি মামলা এসেছে। এর মধ্যে প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়েছে ৬ হাজার ৬৫৫টি। দুর্নীতি দমন কমিশনের মোট ৫১৮টি মামলার মধ্যে ৩১৪টি প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। মাঙ্গলবারের সভায় প্রত্যাহারের সুপারিশ করা মামলার মধ্যে উল্লেখযোগ্য হলো কাজী ফারুকের ৪টি মামলা, মশিউর রহমানের ১টি, রুহুল আমীন হাওলাদারের ১টি, মীর শওকত আলীর ১টি দুদকের মামলা। মীর শওকত আলী মারা যাওয়ার পর তার মামলা এমনিতেই প্রত্যাহার হয়ে গেছে উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, "তবুও তার প্রতি সম্মান দেখাতে এ মামলা প্রত্যাহার করা হয়েছে।" দুদকের মামলার ব্যাপারে মন্ত্রী বলেন, "দুদক স্বাধীন, তাদের কোন কাজে হস্তক্ষেপ করা হবে না। এখানে মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। দুদক কি করবে সেটা তাদের উপরই নির্ভর করবে।" স্বরাস্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/১৭৩৩ ঘ.