২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাধবকুণ্ডে এসে কানধরে ওঠবস

মাধবকুণ্ড জলপ্রপাতের ওপর ওঠায় সুনামগঞ্জ সরকারি কলেজের ১২ ছাত্রের জরিমানা করেছে। কয়েকজনের মোবাইল ফোন সেটও কেড়ে নিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2010, 06:05 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

মৌলভীবাজার, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাধবকুণ্ড জলপ্রপাতের ওপর ওঠায় সুনামগঞ্জ সরকারি কলেজের ১২ ছাত্রের জরিমানা করেছে। কয়েকজনের মোবাইল ফোন সেটও কেড়ে নিয়েছে পুলিশ। এছাড়া জরিমানা না দেওয়ায় অপর পাঁচজনকে আধঘণ্টা পানিতে চুবিয়েছে। শনিবার বিকালে মাধবকুণ্ড এলাকায় দায়িত্বরত আলাউদ্দিন ও আতিয়ার নামে দুই পর্যটন পুলিশ একাজ করেছে বলে ছাত্ররা জানান। তবে পর্যটন পুলিশের জরিমানা করার কোনো বিধান নেই বলে মৗলভীবাজারের পুলিশ সুুপারিনটেনডেন্ট হারুন-অর রশিদ সাংবাদিকদের জানান। সুনামগঞ্জ সরকারি কলেজের ছাত্র শুভ্র দাস রাজন সাংবাদিকদের বলেন, কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষের চল্লিশ জন ছাত্র বিকালে মাধবকুণ্ড জলপ্রপাতে বেড়াতে আসেন। এক পর্যায়ে কয়েকজন উৎসাহী ছাত্র পাহাড় বেয়ে জলপ্রপাতের উপর উঠে যান। ওই সময় কেউ তাদের বাধা দেয়নি। পাহাড় থেকে নামার সময় পর্যটন পুলিশ আলাউদ্দিন ও আতিয়ার তাদের আটক করে পাহাড়ে ওঠার অপরাধে জনপ্রতি পাঁচশ' টাকা জরিমানা দিতে বলেন। ১২ জন জরিমানা দিয়ে ছাড়া পান। কিন্তু আল আমিন, শুভ্র দাস রাজন, জাকারিয়া হোসেন, জাহিরুল ইসলাম ও মো. তহুর এই পাঁচজন জরিমানা না দেওয়ায় বিকাল সাড়ে ৩টা থেকে আধঘণ্টা কয়েকশ' পর্যটকের সামনে তাদের জলপ্রপাতের পানিতে কানধরে ওঠবস করানো হয়। রাজন আরো অভিযোগ করেন, পুলিশ তাদের কাছ থেকে দু'টি মোবাইল ফোন সেট কেড়ে নেয়। জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান বলেন, পর্যটন এলাকায় পর্যটকদের সাজা ও জরিমানা করার বিধান নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৫ ঘ.