পতেঙ্গায় জাহাজের তেল নিঃসরণ: এজেন্টকে নোটিশ
চট্টগ্রামের পতেঙ্গা উপকূলের কাছে বঙ্গোপসাগরে ভারতীয় পতাকাবাহী জাহাজ থেকে তেল নিঃসরণের কারণ জানতে চেয়ে নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
চট্টগ্রামের পতেঙ্গা উপকূলের কাছে বঙ্গোপসাগরে ভারতীয় পতাকাবাহী জাহাজ থেকে তেল নিঃসরণের কারণ জানতে চেয়ে নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর সার বোঝাই জাহাজ এমভি ওশান পার্লের স্থানীয় এজেন্ট সিগমা শিপিং লিমিটেডকে এ নোটিশ দেয়।
নোটিশ দেওয়ার খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান অধিদপ্তরের পরিচালক জাফর আলম।
তিনি জানান, ২৮ ডিসেম্বরের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর সারবোঝাই জাহাজটির আশপাশে নিঃসরিত তেল ভাসতে থাকার প্রমাণ পায় পরিবেশ অধিদপ্তর।
তবে ওই এলাকার পানিতে ক্ষতিকারক কোন উপাদান পাওয়া যায়নি বলে অধিদপ্তরের পরিচালক জাফর আলম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন।
জাহাজটি থেকে তেল সরানো হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরকে জানিয়েছেন এর ক্যাপ্টেন।
ভারতীয় পতাকাবাহী জাহাজ এমভি ওশান পার্ল আট হাজার মেট্রিক টন ইউরিয়া সার নিয়ে গত তিনমাস ধরে পতেঙ্গা এলাকার গোল্ডেন বিচ থেকে তিন কিলোমিটার অদূরে অবস্থান করছে।
