ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরাঞ্চলের বস্তিগুলোতে প্রায় ৭০ লাখ মানুষ বসবাস করছে বলে ইউনিসেফ ও সেন্টার ফর আরবান স্টাডিজ এর এক প্রতিবেদনে বলা হয়েছে।
এতে শহরের বস্তি এলাকার বৈষম্য দূরীকরণে একীভূত নগর উন্নয়ন কৌশল প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
রাজধানীতে মঙ্গলবার "আন্ডারস্ট্যান্ডিং আরবান ইনইকুয়ালিটিজ ইন বাংলাদেশ: এ প্রিরিকুইজিট ফর এচিভিং ভিশন ২০২১" শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
মেগাসিটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী সিটি কর্পোরেশন এলাকা; বিভিন্ন পৌরসভা এবং নাগরিক সুবিধা রয়েছে এমন উপজেলাগুলো এই জরিপের আওতায় ছিল।
প্রতিবেদনে বলা হয়, এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে দ্রুত নগরায়ন ঘটছে। শহরাঞ্চলে বাস করে প্রায় চার কোটি দশ লাখ মানুষ। এর মধ্যে প্রায় ৭০ লাখ মানুষ বস্তিতে বাস করছে।
বস্তি এলাকায় পাঁচ বছরের কম বয়সের শিশু-মৃত্যুর হার শহরের শিশুর চেয়ে দ্বিগুণ এবং গ্রামাঞ্চলের শিশুদের চেয়ে ৫০ শতাংশের বেশি। বস্তির শিশুদের মধ্যে বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার সবচেয়ে বেশি।
বস্তি এলাকায় শিশু শ্রমিকের হার তিন গুণ বেশি এবং জন্ম নিবন্ধনের হার অর্ধেক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও নগর বিশেষজ্ঞ অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে ইউনিসেফের প্রতিনিধি ক্যারল ডি রয় প্রতিবেদন উপস্থাপন করেন।
এরপর প্রতিবেদনের ওপর আলোচনা করেন দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
সেন্টার ফর আরবান স্টাডিজের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নাজিম এবং ইউনিসেফের প্রতিনিধি ডেকা ইব্রাহিম মুসা আলোচকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
ক্যারল ডি রয় বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যগুলো অর্জনের জন্য দেশের মানব সম্পদ উন্নয়নে বিনিয়োগ করতে হবে।
এজন্য সরকার ও নীতি নির্ধারকদের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের জনশক্তিকে কাজে লাগালে খাদ্যে স্বনির্ভরতা অর্জনের পাশাপাশি বিদেশেও খাদ্য রপ্তানি সম্ভব।
অধ্যাপক নজরুল বলেন, ভিশন ২০২১ বাস্তবায়নে সমন্বিত নগর উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন সংক্রান্ত কর্মসূচি প্রণয়ন করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/১৮৩০ ঘ.
bdnews24