২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয়ের বার্ষিকীতে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শুরুর অঙ্গীকার

উৎসব-আনন্দে বিজয়ের ৩৯তম বার্ষিকী উদযাপন করছে দেশ। এক বছর আগের এ দিনে যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেওয়ার দাবি জোরালোভাবে উঠে এলেও এবার দাবি বিচার শুরু করে তা দ্রুত শেষ করার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2010, 03:34 AM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উৎসব-আনন্দে বিজয়ের ৩৯তম বার্ষিকী উদযাপন করছে দেশ। এক বছর আগের এ দিনে যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেওয়ার দাবি জোরালোভাবে উঠে এলেও এবার দাবি বিচার শুরু করে তা দ্রুত শেষ করার। নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে নতুন দেশ হিসেবে আবির্ভূত হয় বাংলাদেশ। পাকিস্তানি সামরিক বাহিনীর ২৫শে মার্চের গণহত্যার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে শুরু হয়ে যায় মুক্তিযুদ্ধ। সমগ্র বাঙালি জাতি দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে মুক্তিবাহিনী ও যুদ্ধে আগাগোড়া সক্রিয় সহায়তাকারী ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের যৌথ নেতৃত্বের কাছে আত্মসমর্পণ করে বিধ্বস্ত পাকিস্তানি সেনাবাহিনী। বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। বৃহস্পতিবার প্রত্যুষে তেজগাঁও পুরনো বিমান বন্দর এলাকায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতা। এরপর বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা, বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণের শ্রদ্ধার ফুলে ভরে উঠছে স্মৃতিসৌধের বেদি। সরকারি ছুটির এ দিনে সরকারি পর্যায় ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে। হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রমসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/০৯৩০ ঘ.