২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ দিনে ৫ বাসায় ডাকাতি

রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় চারদিনে পাঁচ বাসায় ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2010, 12:06 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় চারদিনে পাঁচ বাসায় ডাকাতি হয়েছে। গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে ৪৩/এইচ ইন্দিরা রোডে ডাকাতি হয়। ৬/৭ জন ডাকাত নীচতলার জানালার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। বাসার মালিক আসমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অস্ত্রের মুখে ডাকাতরা নগদ ২ লাখ টাকা ও ৪৩ ভরি স্বর্ণালঙ্কার লুট করেছে। এ সময় ডাকাতরা বাসার সদস্যদের বেধড়ক মারধর করে। ছয়তলা বাড়ির এই নীচতলায় বিউটি পার্লার ব্যবসায়ী আসমা আক্তার সপরিবারে বসবাস করেন। এর আগে গত শনিবার শেরেবাংলা নগর থানা এলাকার পশ্চিম কাফরুল এ/পি-১৭৩/২ নম্বর বাসভবনের দ্বিতীয় তলায় ভাড়াটিয়া এ. কে. এম. আমিনুল হক ও তৃতীয় তলায় তসলিম উদ্দিনের বাসায় ডাকাতি হয়। ডাকাত দল অস্ত্রের মুখে দুই বাসার লোকদের জিম্মি করে নগদ অর্থসহ প্রায় ১৬ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এছাড়া শুক্রবার ভোরে পশ্চিম রাজাবাজারে একটি বাড়ির দ্বিতীয় তলায় সংস্থাপন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মনিরুল ইসলাম ও তৃতীয় তলায় সেকান্দার আলী নামের একজন প্রকৌশলীর বাসায় ডাকাতি হয়। ডাকাত দল এই দুই বাসার সদস্যদেরকে জিম্মি করে নগদ অর্থসহ প্রায় সাড়ে আট লাখ টাকার মালামাল লুট করে। তেজগাঁও অঞ্চলের উপ-পুলিশ কমিশনার মো. আলী মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি সংঘবদ্ধ চক্র এই ডাকাতি করছে। তাদেরকে গ্রেপ্তারের জন্যে থানা পুলিশকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কেটি/এলএইচ/কেএমএস/১৭৫০ ঘ.