ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর ট্রেন দুর্ঘটনার জন্য চট্টলা এক্সপ্রেসের চালক, সহকারী চালক ও পরিচালককে (গার্ড) দায়ী করে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি।
কমিটি তাদের প্রতিবেদনে ৮টি সুপারিশ বাস্তবায়নের কথাও উল্লেখ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় চট্টলা এক্সপ্রেসের চালক রফিক উদ্দিন, সহকারী চালক মইন উদ্দীন অচেতন অবস্থায় ছিলেন।
মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ে তদন্ত প্রতিবেদনটি যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। বাংলাদেশ পুর্বাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী ইউসুফ আলী মৃধাকে প্রধান করে দুর্ঘটনার দিনই চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সোমবারই কমিটি তাদের প্রতিবেদন চুড়ান্ত করে।
এর আগে যোগাযোগমন্ত্রী আবুল হোসেন মঙ্গলবার সড়ক ভবনে সাংবাদিকদের বলেন, "নরসিংদীর ট্রেন দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি বলেন, "সারাদেশে রেলস্টেশনের আশপাশে ভ্রাম্যমান চা ও পান দোকান উচ্ছেদ করা হবে।"
প্রতিবেদনে ট্রেন দুর্ঘটনায় ৯ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার যোগাযোগমন্ত্রী সংসদে বলেন, রেল দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছে। আহত হয়েছে ২৯ জন।
বুধবার বিকালে নরসিংদী রেল স্টেশনে ঢাকামুখী চট্টলা এক্সপ্রেস এবং চট্টগ্রামগামী মহানগর গোধূলি এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১৪ জন নিহত হওয়ার খবর স্থানীয় সূত্রগুলো জানায়। বাংলাদেশ টেলিভিশনে বৃহস্পতিবার দুপুরের খবরে বলা হয়, নিহতের সংখ্যা ১১।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/কেএমএস/১৭২৫ ঘ.
bdnews24