২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুনের মামলা প্রত্যাহারের আবেদন, শুনানি বুধবার

রাজধানীর দক্ষিণ খানে এক প্রকৌশলী খুনের মামলা প্রত্যাহারে সরকারের আবেদনের ওপর বুধবার শুনানি হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2010, 08:53 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দক্ষিণ খানে এক প্রকৌশলী খুনের মামলা প্রত্যাহারে সরকারের আবেদনের ওপর বুধবার শুনানি হবে। মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় প্রত্যাহারের আবেদন হলেও বাদি পক্ষ বলছে, এ মামলার সঙ্গে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই। মামলা প্রত্যাহার হলে ডাকাতি ও খুনের আসামিরা সবাই দায়মুক্ত হয়ে যাবে। মামলার অভিযোগপত্রভুক্ত নয় আসামির অধিকাংশের বিরুদ্ধ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরো মামলা রয়েছে বলে জানান বাদি পক্ষের কৌঁসুলিরা। এ মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক হিসেবে চিহ্নিত করায় বিস্ময় প্রকাশ করেন তারা। ২০০৫ সালের ২৯ জানুয়ারি ভোররাতে দক্ষিণ খানে নিজ বাড়িতে খুন হন স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের প্রকৌশলী আবদুল হামিদ। ওই ঘটনায় মামলা করেন তার স্ত্রী সাঈদা হামিদ। মামলার এজাহারে বলা হয়, "বাড়ির গ্রিল কেটে একদল লোক ঘরে ঢুকে হামিদকে কয়েকটি গুলি করে। ওই সময় মেয়ে ফারহানা হামলাকারীদের চিনে 'ডাকাত' বলে চিৎকার করলে তাকেও গুলি ছোড়া হয়।" হামলাকারীরা ১ লাখ ৮০ হাজার টাকার স্বর্ণালঙ্কার, ৩০ হাজার টাকার ক্যামেরা, তিনটি মোবাইল ফোন সেটসহ আরো জিনিসপত্র লুট করে বলে এজাহারে বলা হয়। গুরুতর আহত হামিদ ও ফারহানাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় হামিদ মারা যান। উত্তরা থানায় করা মামলায় সাঈদা প্রতিবেশী জয়নাল আবেদীন মোল্লা ও তার চার সহযোগীকে আসামি করেন। জয়নালের বাড়ি থেকে পুলিশ লুণ্ঠিত কিছু মালামালও উদ্ধার করে। পরে জয়নাল আবেদীনসহ নয় জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলাটির বিচার চলছে ঢাকার ২ নম্বর দ্রুত বিচার আদালতে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে গত ২৮ অক্টোবর এ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মামলা প্রত্যাহারের আবেদন করেন। সরকারের আবেদনে আদালতের ভারপ্রাপ্ত বিচারক কানিজ আকতার নাসরিনা খানম ২৮ অক্টোবর রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি সৈয়দ শামসুল হক বাদলকে বলেছিলেন, "মামলাটি প্রত্যাহারের আবেদন সুনির্দিষ্ট নয়। কোন কোন আসামির নাম প্রত্যাহার করতে হবে, তা আবেদনে উল্লেখ করা হয়নি।" এরপর তিন দফায় শুনানির তারিখ পেছানোর পর বুধবার শুনানি হচ্ছে। নিহত প্রকৌশলীর শ্যালক আফজাল হোসেন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসার ভগ্নিপতি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। আর রাজনৈতিক কোনো উদ্দেশ্যে এ মামলা হয়নি।" বাদির আইনজীবী হাবিবুর রহমান দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হত্যা মামলাটি রাজনৈতিক মামলা বলে চালিয়ে দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রভাব বিস্তার করে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" "মামলাটি প্রত্যাহার হলে সব আসামিই খালাস পেয়ে যাবে", বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৪৫০ ঘ.