ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসাধারণ অবদান রাখা বিদেশি নাগরিকদের বিশেষ সম্মাননা জানানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে তাদেরকে এই বিশেষ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আগামী বছরের মার্চ মাসে স্বাধীনতা দিবসে স্বাধীনতার ৪০ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব ব্যক্তিকে সম্মাননা দেওয়া হবে। এজন্য পররাষ্ট্র এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে তালিকা চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, সম্মাননা জানাতে তাদের মধ্যে যারা জীবিত তাদের সবাইকেই বাংলাদেশে নিয়ে আসা নিশ্চিত করতে বলা হয়েছে। যারা মারা গেছেন তাদেরকে মরণোত্তর সম্মাননা জানানো হবে। এজন্য তাদের প্রতিনিধিদেরকে বাংলাদেশে আনার জন্যও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বিশ্বের বিভিন্ন দেশের যেসব বরেণ্য রাষ্ট্রনায়ক, রাজনীতিক, দার্শনিক, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও বিশিষ্ট নাগরিক বিশেষ অবদান রেখেছেন তারা আছেন সম্মাননা জানানোর তালিকায়। আছে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবদান রাখ বিভিন্ন সংগঠনও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/কেএমএস/১৫১১ ঘ.
bdnews24