২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় পাঁচদিনের লালন উৎসব শুরু

বগুড়া লালন একাডেমি তাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজন করেছে পাঁচদিনের লালন উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2010, 05:27 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

বগুড়া, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া লালন একাডেমি তাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজন করেছে পাঁচদিনের লালন উৎসব। মানুষ ভজলে সোনার মানুষ হবি- শ্লোগান নিয়ে রোববার সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। চলবে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) পর্যন্ত। আয়োজনকে ঘিরে বগুড়া সদর উপজেলার শহরদিঘীতে একাডেমি এলাকা উৎসবে মেতে উঠেছে। বিভিন্ন স্থান থেকে লালন ভক্তরা আসতে শুরু করেছেন। একাডেমির কর্মকর্তারা জানান, সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা একাডেমি এলাকা থেকে শুরু করে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর বগুড়া প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে একাডেমির কর্মকর্তারা বক্তব্য রাখেন। এছাড়া একাডেমিতে বিকালে আলোচনা সভা ও রাতে লালনগীতির অনুষ্ঠানও হয়। বিকালে আলোচনা সভায় বক্তব্য রাখেন- আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালামত উল্লাহ, স্থানীয় সাংবাদিক জাহিদুর রহমান, সমাজকর্মী কোহিনুর মোহন প্রমুখ। লালনগীতি পরিবেশন করেন- ক্লোজ আপ খ্যাত শিল্পী মশিউর রহমান রিঙ্কু ও স্থানীয় শিল্পীরা। লালন একাডেমির সাধারণ সম্পাদক নুরুল হুদা হেমায়েত সাংবাদিকদের বলেন, উৎসবের অনুষ্ঠানকে দু'টি পর্বে ভাগ করা হয়েছে। আলোচনা সভা ও লালনগীতি পরিবেশনা। প্রতিদিন বিকাল ৪টা থেকে ভোর ৪টা পর্যন্ত উৎসবের এসব অনুষ্ঠান চলবে। প্রথমে আলোচনা সভা, পরে গান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫১ ঘ.