সাভার (ঢাকা), ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় একটি সোয়েটার কারখানা বন্ধের পর ক্ষুব্ধ শ্রমিকের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকাল ৯টার দিকে 'ইউনিভার্স নিটিং গার্মেন্টস লিমিটেড'র শ্রমিকদের সঙ্গে ওই সংঘাত বাঁধে বলে পুলিশ জানায়।
গ্রেপ্তারকৃতরা হলেন- এনামুল হক (২৮), আবু জাফর (৩২) ও মো. শিপন (৩০)। এরা ওই কারখানার অপারেটর।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহীন শাহ পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয়রা জানায়, মজুরি বৃদ্ধির দাবিতে জামগড়া এলাকার ওই কারখানায় শ্রমিকরা বুধবার থেকে কর্মবিরতি পালন করছিলো। শনিবার সকালে শ্রমিকরা কারখানায় গিয়ে তা অনির্দিষ্টকাল বন্ধের নোটিশ দেখে ক্ষুব্ধ হয়। এরপর তারা কারখানার পাশে জামগড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে জড়ো হলে সেখানে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
আশুলিয়া থানার ওসি (তদন্ত) আব্দুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শ্রমিক অসন্তোষের খবর পেয়ে পুলিশ জামগড়ায় গেলে শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইট ছুড়তে থাকে। তখন পুলিশ কাঁদানে গ্যাস ও রবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।"
তিনি জানান, শ্রমিকদের ছোড়া ইটে পুলিশ উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ও শাহীন পারভেজ আহত হয়েছেন।
তবে সংঘর্ষে কতজন শ্রমিক আহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা জানায়, প্রায় ১৫ মিনিট সংঘর্ষের পর শ্রমিকরা মাঠ থেকে বিভিন্ন দিকে সরে পড়ে। তবে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
'ইউনিভার্স নিটিং গার্মেন্টস লিমিটেড' কারখানায় প্রায় ২ হাজার শ্রমিক কাজ করে। কারখানা বন্ধের বিষয়ে মালিক পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এছাড়া জামগড়া এলাকার 'পলমল সোয়েটার লিমিটেড' নামক অপর একটি সোয়েটার তৈরীর কারখানার শ্রমিকরা মজুরি বাড়ানোর দাবিতে শনিবার বেলা ১১টা থেকে কর্মবিরতি পালন করছে।
পুলিশ কর্মকর্তা শাহীন বলেন, ওই কারখানার ভিতরে ও বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যাতে শ্রমিকরা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে তাদের দাবির বিষয়ে আলোচনা করে সমঝোতার চেষ্টা করছে।
এ বিষয়ে ওই কারখানার কোনো কর্মকর্তা কিছু বলতে রাজি হননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৬১৬ ঘ.
bdnews24