সাভার, ২১ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আশুলিয়ার কবিরপুরে দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৪ যাত্রী।
সন্ধ্যা সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতদের মধ্যে চার জনের পরিচয় জানা গেছে। এরা হলেন- সাভারের উলাইল এলাকার এ কে এম নিটওয়্যারের সুইং সুপারভাইজার ফজলুর রহমান (৩০), টাঙ্গাইলের আন্না বেগম (৪৫), রাহিন শরীফ (৩৫) ও রফিকুল ইসলাম (২৬)। রফিক ওয়ালটনের কর্মচারী। তার চাচা খায়রুল ইসলাম লাশ সনাক্ত করেন। রাহিনও ওয়ালটনের কর্মচারী। রাহিন ও ফজলুর পকেটে পরিচয়পত্র পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, ঘটনাস্থলে নিহত হন ছয়জন। বাকি চারজন মারা যান সাভারের জিরানী এলাকার বাংলাদেশ-কোরিয়া মৈত্রী হাসাপাতালে।
আহতদের একজন হলো- আন্না বেগমের ৭ বছর বয়সী ছেলে বিকাশ। আরো ৩০-৩৫ জন বাংলাদেশ-কোরিয়া মৈত্রী হাসাপাতালে চিকিৎসাধীন আছে। তাদের পরিচয় জানা যায়নি।
হাসপাতালে একজন চিকিৎসা সহকারী ও কয়েকজন নার্স ছাড়া কোনো চিকিৎসক ঈদের ছুটির পর আসেননি।
আহতরা চিকিৎসা পাচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগ সম্পর্কে হাসপাতালটির চিকিৎসা সহকারী মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঈদের পর কোনো ডাক্তার এখনো আসেননি। আমার পক্ষে একা সব তো সমালানো সম্ভব নয়।"
আশুলিয়া থানার উপ-পরিদর্শক আবিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বোরাক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নন্দন পার্ক থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কবিরপুরে পৌঁছলে পাবনাগামী মীম পরিবহনের একটি বাসের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ছয়জন মারা যান।
সংঘর্ষের পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট সৃষ্টি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২০৩৪ ঘ.
bdnews24