চট্টগ্রাম, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর অবকাঠামোগত উন্নয়নকাজে সহযোগিতা দেবে বিশ্বব্যাংক।
সোমবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) মেয়র মনজুর আলমের সঙ্গে বৈঠককালে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল এ ব্যাপারে তাদের আগ্রহের কথা জানায়।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া আঞ্চলের প্রধান সংসু চুই।
বৈঠকে মনজুর আলম বলেন, বিশ্ব ব্যাংক চট্টগ্রাম নগরীর উন্নয়নে আগেও সহযোগিতা করেছে।
তিনি নগরীর ড্রেনেজ সিস্টেমের উন্নয়ন, নগরীতে আন্ডারপাস নির্মাণ, কালুরঘাটস্থ সিসিসি'র আবাসন প্রকল্প, জলাবদ্ধতা নিরসনে প্রধান খালগুলো খনন, বহুতল মার্কেট নির্মাণ, চাক্তাই ও মহেশ খালে স্লুইস গেট নির্মাণ, গারভেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ এবং বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণে বিশ্বব্যাংকের সহযোগিতা চান।
বিশ্বব্যাংক কর্মকর্তা সংসু চুই বলেন, মেয়রের প্রস্তাব অত্যন্ত সময়োপযোগী।
সিসিসি'র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বব্যাংক প্রতিনিধি দলের প্রধান নগরীর ড্রেনেজ ও ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন, বহুতল মার্কেট নির্মাণ ও অবকাঠামো উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
এসময় বিশ্বব্যাংকের সিনিয়র আরবান বিশেষজ্ঞ জাহেদ হোসেন খান এবং সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুর- ই- এলাহী, সচিব মোহাম্মদ সামসুদ্দোহা, প্রধান রাজস্ব কর্মকর্তা দীপক চক্রবর্তীসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এইচএ/২২৪০ ঘ.
bdnews24