সাভার, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভার উপজেলায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন।
র্যাব বলছে, শুক্রবার ভোররাতে বিশমাইল-রিজাব সড়কে ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার সময় বন্দুকযুদ্ধে তারা মারা যায়।
ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন- মাদারীপুরের চরশাশা গ্রামের হাসান মাদবর (২৫) ও তার সহযোগী মনির হোসেন (২৮)।
হাসান আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। বাইপাইল এলাকায় তার চন্দ্রপাড়া মটর ওয়ার্কস নামে একটি গাড়ির গ্যারেজ রয়েছে।
মনির তার গ্যারেজের রং মিস্ত্রি ছিলেন।
র্যাব-৪ সাভার ক্যাম্পের কমান্ডার মেজর শেখ তারেক আজিজ আহমেদ সাংবাদিকদের বলেন, "গোপন সংবাদে জানতে পারি একদল ছিনতাইকারী অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বিশমাইল-জিরাব সড়কে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে।
"এরপর রাত ৩টার দিকে র্যাবের সাদা পোশাকের একটি টহল দল যাত্রীবেশে গাড়ি নিয়ে মর্নিং গ্লোরি স্কুল পার হয়ে ২-৩শ' গজ সামনে জিরাবোর দিকে গেলে ৫-৬ জনের ছিনতাইকারী চক্রটি তাদের গতিরোধ করে।
একটু পরেই তারা বুঝতে পারে গাড়িতে র্যাব সদস্যরা রয়েছে। তখনই তারা গুলিবর্ষণ শুরু করে। র্যাব সদস্যরাও তখন পাল্টা গুলি চালায়।
"প্রায় আধা ঘণ্টার বন্দুকযুদ্ধে দুই ছিনতাইকারী ঘটনাস্থলে নিহত হয়। এক পর্যায়ে ছিনতাইকারী দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।"
ঘটনাস্থল থেকে দুটি বিদেশি রিভলবার, ১০ রাউন্ড গুলি, ছয় রাউন্ড গুলির খোসা, দুইটি ম্যাগজিন ও দুইটি বড় চাকু উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান কউশিক আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত দুজনের শরীরে তিনটি করে গুলি লেগেছে। ময়না তদন্তের জন্য তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
বৃহস্পতিবার একই থানার আরেক এসআই সোহরাব হোসেন জানিয়েছিলেন, ইব্রাহিম খলিল নামের এক শিশুকে অপহরণের মূল নায়ক হাসান মাদবরকে আশুলিয়ার বাইপাইল এলাকার চন্দ্রপাড়া মটর ওয়ার্কসপ থেকে বুধবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়।
শিশুটিকে উদ্ধারের জন্যে র্যাব হাসানকে সঙ্গে নিয়ে যায়।
বৃহস্পতিবার ভোরে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার দত্তপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয় মর্নিং গ্লোরি স্কুলের ছাত্র ইব্রাহিমকে (৭)।
পরে র্যাব-৪ সাভার ক্যাম্পের কমান্ডার মেজর শেখ তারেক আজিজ আহমেদ সাংবাদিকদের জানান, হাসানকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
হাসানের ছোট খালা রেহেনা আক্তার সাংবাদিকদের জানান, বুধবার সকালে হাসান বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এমনকি তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
পরে জানতে পারেন হাসানের গাড়ির চালক রতন শিশু অপহরণের ঘটনায় গ্রেপ্তার হয়েছে। হাসানের প্রাইভেটকারটি আশুলিয়া থানা পুলিশ আটক করেছে।
তিনি বলেন, শুক্রবার সকালে তারা জানতে পারেন র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুজন মারা গেছে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে গিয়ে হাসান ও মনিরের লাশ সনাক্ত করেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/২১৫৬ ঘ.
bdnews24