সিরাজগঞ্জ, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে মহাসড়কের কোনাবাড়ী এলাকায় ট্রাক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
সোমবার রাত সোয়া ১০টার দিকে কোনাবাড়ী মফিজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ট্রাকটি উল্টে মহাসড়কের উপর পড়ে থাকায় মহাসড়কে যানযটের সৃষ্টি হয়। দেড়ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
নিহত আসলাম উদ্দিন (৩৫) পাবনার ঈশ্বরদীর বাদাইগাছি গ্রামের আব্দুল হামিদের ছেলে।
আহতদের মধ্যে নয়জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরা হলেন- পাবনার ঈশ্বরদীর চরগড়গরি গ্রামের রফিকুল ইসলাম (৩০), আরিফ হোসেন (২৫), রাশিদুল ইসলাম (২৮), আবুল কালাম (৫০), ইদ্রিস আলী (৩০), ইদ্রিস আলী (৪০), বাবুলচড়া গ্রামের ইদ্রিস সর্দার (৪০), ইনজারুল (২৮), হান্নান সর্দার, বিলগাদাই গ্রামের মনিরুল প্রামানিক (৩৫)।
নিহত ও আহতরা সবাই কাঁচামাল ব্যবসায়ী। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত মিজান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাকটি ঈশ্বরদীর সিলিমপুর থেকে কপি, মুলা, কাঁচামরিচ, পিঁয়াজ নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি দেখে ট্রাকের চালক হঠাৎ ব্রেক কষলে ট্রাকটি রাস্তার উপর উল্টে যায়।
এ ঘটনায় মহাসড়কে দু'পাশে শত শত যানবাহন আটকা পড়ে। দেড়ঘণ্টাাব্যাপী যানযটের কারণে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
সংবাদ পেয়ে বঙ্গবন্ধু সেতু রক্ষণাবেক্ষণে নিয়োজিত সেনা কর্মকর্তা মেজর ফজলে কাদের (নিরাপত্তা), চিফ ইঞ্জিনিয়ার মোজাম্মেল হোসেন, সাব-ইন্সপেক্টর হাসান (অপারেশন), বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান।
দেড়ঘন্টা চেষ্টার পর ক্রেন দিয়ে ট্রাকটি অপসারণ করা হয়। পৌনে ১২টার দিকে চলাচল স্বভাবিক হয়।
মেজর ফজলে কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পলাতক রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৬ ঘ.
bdnews24