২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রানজিটের বিনিময়ে অবশ্যই ফি নেওয়া হবে: মুহিত

প্রধান বিরোধী দলের বক্তব্যের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আবারো সুস্পষ্ট করে বলেছেন, ট্রানজিট সুবিধার বিনিময়ে ভারতকে অবশ্যই ফি দিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 03:05 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

ঢাকা, নভেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দলের বক্তব্যের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আবারো সুস্পষ্ট করে বলেছেন, ট্রানজিট সুবিধার বিনিময়ে ভারতকে অবশ্যই ফি দিতে হবে। তিনি বলেন, ট্রানজিটের বিরোধিতা করে বিএনপি চেয়ারপারসনের দেওয়া বক্তব্যে 'ভাষাগত ভুল' আছে। রোববার এক জনসভায় খালেদা জিয়া ট্রানজিট নিয়ে সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, শুল্ক বা ফি ছাড়া বাংলাদেশের ওপর দিয়ে কোনো বিদেশি গাড়ি চলতে দেওয়া হবে না। ট্রানজিটসহ বিভিন্ন ইস্যুতে সরকার 'দেশবিরোধী' অবস্থান নিয়েছে দাবি করে ঈদের পর এর বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও জানান বিরোধীদলীয় নেতা। তিনি এ সংক্রান্ত চুক্তি বাতিলেরও দাবি জানান। খালেদার এ বক্তব্যের জবাবে সোমবার অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, "বিএনপির বক্তব্যে কিছু ভাষাগত ভুল আছে। তাদের এ বক্তব্য রাজনৈতিক। তারা বলছে, শুল্ক ছাড়া ট্রানজিট দেওয়া যাবে না। "আন্তর্জাতিক রীতি অনুযায়ী ট্রানজিটের বিনিময়ে কোনো শুল্ক আরোপ করা যায় না। সে কারণে আমরাও শুল্ক আরোপ করতে পারবো না। তবে ট্রানজিটের মাধ্যমে আমাদের দেশের অবকাঠামো ব্যবহার করায় ভারতকে অবশ্যই ফি দিতে হবে।" এই ফি নির্ধারণের জন্য আগামী দুই মাসের মধ্যে একটি নীতিমালা চুড়ান্ত হবে বলেও জানান মুহিত। সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার রজিত মিত্রের সঙ্গে সাক্ষাতের পর তিনি এসব কথা বলেন। এর আগে গত ২ নভেম্বর অর্থমন্ত্রী বলেছিলেন, "বাংলাদেশ ভৌগলিকভাবেই একটি ট্রানজিট দেশ। আমরা ট্রানজিট দেবো। যারা এর বিরোধীতা করছে তারা পুরোপুরি বোকা। ট্রানজিটের ওপর কোনও শুল্ক থাকতে পারে না। ট্রান্সশিপমেন্টের ওপর শুল্ক থাকতে পারে। তবে ট্রানজিটের ক্ষেত্রে যেহেতু আমরা আমাদের ভূখন্ড ব্যবহার করতে দেবো তাই একটা ফি থাকতে পারে।" এর দুদিন পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার এক সংবাদ সম্মেলনে ভারতকে ট্রানজিট দিলে দেশ অর্থনৈতিকভাবে কতটা লাভবান হবে, তা খতিয়ে দেখার আহ্বান জানান। দেশের স্বার্থ রক্ষা হলে ট্রানজিটে বিএনপির আপত্তি থাকবে না বলেও জানিয়েছিলেন তিনি। ট্রানজিটের বিষয়ে এমকে আনোয়ারের ওই বক্তব্য 'গ্রহণযোগ্য' বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। মুহিত বলেন, বাহাত্তরের চুক্তিতে কেবল জলসীমা ব্যবহার করে নৌকা বা পণ্যবাহী কার্গো চলাচলের অনুমতি ছিল। তিনি জানান, শুল্কবিরোধ নিয়ে গত মাসে ভারতীয় দুটি কার্গো জাহাজকে আটকে দেয় বাংলাদেশের শুল্ক কর্তৃপক্ষ। এ জাহাজ দুটি ছাড়ানোর বিষয়ে রজিত মিত্রের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, "শুল্ক সমস্যা নিয়ে ভারতের দুটি জাহাজ যে এখনো আটকা আছে আমার সেটি জানা ছিলনা। আমি ভেবেছিলাম সেগুলো ছেড়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আগামীকাল সিদ্ধান্ত হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমকে/এইচএ/২০৫৭ ঘ.