ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্রোপচারের সাড়ে তিন মাস পর চিকিৎসার জন্য আবার সিঙ্গাপুর যাচ্ছেন মুক্তিযোদ্ধা-শিল্পী আজম খান।
রোববার রাত ১১টা ৫৫মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই শিল্পী ঢাকা ছাড়বেন বলে তার মেয়ে ইমা খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
এর আগে গত ১৫ অক্টোবর চিকিৎসা নিতে সিঙ্গাপুর যাওয়ার কথা থাকলেও রক্তচাপ বেড়ে যাওয়ায় আজম খানের সিঙ্গাপুর যাত্রা স্থগিত করা হয়।
ইমা বলেন, "বাবা সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে প্রায় তিন মাস ধরে টমোথেরাপি ও কেমোথেরাপি নেবেন।"
মুখে ক্যান্সার আক্রান্ত হওয়ার পর আজম খানকে গত ১৪ জুলাই চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়।
২১ জুলাই মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। ২৪ অগাস্ট এ শিল্পী মুখে অস্ত্রোপচার শেষে দেশে ফেরেন।
গত ১৩ জুলাই বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমের সঙ্গে এক সাক্ষাৎকারে আজম খান জানান, পাঁচ-ছয় মাস আগে হঠাৎ জিহ্বার নিচে একটি মাংসপিণ্ড তৈরি হয়। পরে ধরা পড়ে, এটি ক্যান্সারের কারণে হয়েছে।
আজম খান ১৯৫০ সালের ২৮ ফেব্র"য়ারি রাজধানীর আজিমপুরে জন্মগ্রহণ করেন। 'পপ গুরু' হিসেবে পরিচিত এ শিল্পীর গানের অ্যালবাম বেরিয়েছে ১৭টি। এছাড়া অনেক মিশ্র অ্যালবামও রয়েছে তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/১৮১২ ঘ.
bdnews24