২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বোর্ডে জেএসসি পরীক্ষায় অনুপস্থিত ৩,৯০৩

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার প্রথমদিনে মোট ৩,৯০৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2010, 05:34 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার প্রথমদিনে মোট ৩,৯০৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। এছাড়া পরীক্ষার্থীদের সহায়তা করার অভিযোগে এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবারের জেএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ চার হাজার ৯৩০ জন। প্রথমদিনের পরীক্ষায় মোট এক লাখ এক হাজার ২৭ জন অংশ নেয়। তিনি বলেন, এ শিক্ষাবোর্ডের অধীনে রাঙ্গামাটি জেলার ৩৪১ জন, বান্দরবান জেলার ১০৩ জন, কক্সবাজার জেলার ৭৫৬ জন, খাগড়াছড়ি জেলার ৩৪১ জন ও চট্টগ্রাম জেলার দুই হাজার ৩৬২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে একটা পর্যন্ত বাংলা প্রথম পত্র এবং দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিনি জানান, মোট ১৭৭ টি কেন্দ্রের সবগুলোতে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু জাফর চৌধুরী ফতেয়াবাদ ও রাউজান এলাকার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। পীযূষ দত্ত জানান, পরীক্ষার্থীদের সহায়তার অভিযোগে কক্সবাজার জেলার কুতুবদিয়া এলাকার ধুলুম আদর্শ বিদ্যালয়ের শিক্ষক হাসান শহীদকে বহিষ্কার করা হয়েছে। আগামী রোববার সকাল ১০ টা থেকে ইংরেজী প্রথম পত্র এবং দুপুর দুইটা থেকে ইংরেজী দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এইচএ/২৩৩০ঘ.