২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষা হলো না, ভাইকেও হারালো শাহিদা

ছোট বোনকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক যুবক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2010, 10:43 AM

Updated : 25 Aug 2022, 07:32 PM

সিরাজগঞ্জ, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছোট বোনকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক যুবক। বেলকুচি উপজেলার সুবর্ণসাড়া এলাকায় বৃহস্পতিবার সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতের নাম জাকারিয়া হোসেন (২২)। দুর্ঘটনায় তার বোন শাহিদা খাতুন (১৩) এবং বোনের বান্ধবী হোসনে আরা (১৩) আহত হয়েছেন। বেলকুচি থানার উপ-পরিদর্শক মোস্তাফিজার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, তারা তিনজন একটি মটর সাইকেলে ছিলেন। একটি ট্রাক মটর সাইকেলটিকে চাপা দেয়। জাকারিয়া কামারখন্দ উপজেলার বাশবাড়ি এলাকার ঠান্ডু মিয়ার ছেলে। শাহিদা ও হোসনে আরা কামারখন্দ উপজেলার তামাই আলিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণীতে পড়েন। জেএসসি পরীক্ষায় তাদের কেন্দ্র ছিলো বেলকুচির মেঘুল্লা এলাকায়। পুলিশ কর্মকর্তা মোস্তাফিজ বলেন, "কামারখন্দ থেকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে সূবর্ণসাড়া এলাকায় একটি ট্রাক মটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাকারিয়া মারা যায়।" আহত শাহিদা ও হোসনে আরাকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তারা আর পরীক্ষায় অংশ নিতে পারেনি বলে পুলিশ কর্মকর্তা মোস্তাফিজ জানান। ট্রাকটি আটক করলেও চালক ও হেলপারকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জাকারিয়ার লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪০ ঘ.