মেহেরপুর, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের গাংনী উপজেলার সহগলপুর গ্রাম থেকে ৪টি গুলিসহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
র্যাব ও পুলিশ শনিবার ভোররাতে যৌথ অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
র্যাব জানায়, শনিবার ভোররাতে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা এবং গাংনী থানা পুলিশ যৌথভাবে সহগলপুর গ্রামের আকুর আলীর বাড়িতে অভিযান চালায়।
এ সময় বাড়ির ভিতর থেকে ৪ রাউন্ড গুলিসহ একটি শার্টারগান উদ্ধার করা হয়।
গাংনীর র্যাব কমান্ডার এএসপি শেখ জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অস্ত্র ও গুলি উদ্ধারের সময় বাড়িতে কোনো পুরুষ ছিল না। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি।
গাংনী থানার ওসি মতিয়ার রহমান বলেন, "অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৩৫৭ ঘ.
bdnews24