২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় 'গিরি' মিয়ানমার উপকূলে

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'গিরি' সামান্য উত্তর-উত্তরপূর্ব দিকে সরে গিয়ে শুক্রবার রাত ১১টায় মিয়ানমারের সিটুইয়ের দক্ষিণ দিক দিয়ে সেদেশের উপকূল অতিক্রম করছিল। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2010, 03:12 PM

Updated : 25 Aug 2022, 07:27 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'গিরি' সামান্য উত্তর-উত্তরপূর্ব দিকে সরে গিয়ে শুক্রবার রাত ১১টায় মিয়ানমারের সিটুইয়ের দক্ষিণ দিক দিয়ে সেদেশের উপকূল অতিক্রম করছিল। রাত ১১টায় আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে বলা হয়, ঘূর্ণিঝড়টি পরবর্তী ২-৩ ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে। এটি রাত ৮টায় মিয়ানমার উপকূল অতিক্রম করতে শুরু করে। 'গিরি'র প্রভাবে দেশের সমুদ্র বন্দরসমূহ ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে। ঘূর্ণিঝড়টির কারণে কক্সবাজার সমুদ্রবন্দরকে ৫ নম্বর বিপদ সঙ্কেত এবং চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ওই বুলেটিনে আরো বলা হয়, ঘূর্ণিঝড় ও পূর্ণিমার প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়োহাওয়ার আকারে ১৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর খুবই উত্তাল থাকবে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এর আগে এ মাসের প্রথম দিকে বঙ্গোপসাগরে সৃষ্ট আরেকটি নিুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস হয়েছিলো। তখন ঝড়ে নৌকাডুবি ও ঘরচাপা পড়ে বিভিন্ন স্থানে ১৬ জনের মৃত্যু হয়। সেন্টমার্টিনে আটকা পড়েছেন ২০ পর্যটক বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় গিরি'র প্রভাবে শুক্রবার বিকাল থেকে সেন্টমার্টিন উপকূলে দমকা হাওয়া বইতে শুরু করে। তবে সেন্টমার্টিন ছাড়া কক্সবাজার জেলার অন্যান্য এলাকায় গিরির কোনো প্রভাব পড়েনি। এদিকে সেন্টমার্টিন দ্বীপে ২০ জন পর্যটক আটকা পড়েছেন। এদের মধ্যে তিনজন বিদেশি ও ১৭ জন বাংলাদেশি পর্যটক। তারা সন্ধ্যার পর সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছেন। টেকনাফের শেষ সীমান্ত শাহপরীর দ্বীপের সমুদ্র উপকূল থেকে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এম এম নাজিম উদ্দিন জানান, ঘূর্ণিঝড়ের কারণে টেকনাফ উপকূলে কোনো বিরূপ প্রভাব পড়েনি। সবকিছুই স্বাভাবিক রয়েছে। সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা ফিরোজ আহমদ খান জানান, বর্তমানে দ্বীপটিতে ২০ জন পর্যটক আটকা পড়েছেন। তারা নিরাপদে আছেন। সবাই দ্বীপের সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছেন। আটকেপড়া পর্যটকদের মধ্যে একজন হল্যান্ড ও ২ জন নরওয়ের পর্যটক আছেন। বাকিরা সবাই বাংলাদেশি। চেয়ারম্যান ফিরোজ খান আরো জানান, সেন্টমার্টিন দ্বীপে ৭ হাজারের মতো অধিবাসী আছেন। তাদের অধিকাংশই ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও টিলা এলাকায় আশ্রয় নিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এজে/ডিডি/এইচএ/০০৩৩ ঘ.