২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাড়াটিয়া সেজে প্রতারণা

ভাড়াটিয়া সেজে বাড়িওয়ালার পরিবারের সদস্যদের অচেতন করে ত্রিশ ভরি স্বর্ণালঙ্কার, ১০ হাজার টাকা ও অন্যান্য জিনিস নিয়ে পালিয়ে গেছে দম্পতি পরিচয় দানকারী প্রতারক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2010, 08:03 AM

Updated : 25 Aug 2022, 07:27 PM

বাগেরহাট, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাড়াটিয়া সেজে বাড়িওয়ালার পরিবারের সদস্যদের অচেতন করে ত্রিশ ভরি স্বর্ণালঙ্কার, ১০ হাজার টাকা ও অন্যান্য জিনিস নিয়ে পালিয়ে গেছে দম্পতি পরিচয় দানকারী প্রতারক। বাগেরহাট শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন আব্দুল জলিল হাওলাদারের বাড়িতে বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। বাগেরহাট সদর মডেল থানার পুলিশ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় গৃহকর্তার মেয়ে শামীমা আক্তার মিনা বাদী হয়ে একটি মামলা করেছেন। খোয়া যাওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে রয়েছে একটি সীতাহার, দুটি চওড়া গলার হার, তিন জোড়া কানের দুল, চারটি বড় চেন, তিনটি রুলি, দুটি ছোট চেন, ১৩টি আংটি, ছয়টি নাকফুল, একটি টিকলি। এ ছাড়া রয়েছে একটি ডিজিটাল ক্যামেরা ও দুটি নকিয়া মডেলের দামি মোবাইল ফোন সেট। শামীমা আক্তার মিনা শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রেজাউল করিম রেজা ও সুমী নামের দুই যুবক-যুবতী নিজেদেরকে নব দম্পতি পরিচয় দিয়ে ২০ অক্টোবর সন্ধ্যায় তাদের বাড়ির ভেতরের দিকে একটি টিনের ঘর মাসিক ছয় শত টাকায় ভাড়া নেয়। তারা নিজেদের পরস্পর চাচাতো ভাই-বোন পরিচয় দিয়ে বলে, পরিবারের অসম্মতিতে বিয়ে করায় এখন বাড়ির বাইরে থাকতে বাধ্য হচ্ছে। তারা আরও জানায়, তাদের পৈত্রিক বাড়ি বাগেরহাটের মংলা উপজেলায়। বর্তমানে তাদের পরিবার ঢাকার কলাবাগান এলাকায় বসবাস করছে। শামীমা জানান, সরল বিশ্বাসে তারা এই দুজনেক ঘর ভাড়া দেন। এক দিনের মধ্যেই তারা শামীমাদের পরিবারের সাথে ঘনিষ্ঠতা গড়ে তোলে। বৃহস্পতিবার সারা দিন তারা শামীমাদের ঘরে বসে টেলিভিশন দেখে কাটায়। দুপুরে তারা বাজার থেকে ইলিশ মাছ ও বিভিন্ন খাদ্যদ্রব্য কিনে আনে। রেজাউল রাতে শামীমার দুই ছেলে-মেয়েকে ফলের জুস কিনে দেয়। শামীমা, শামীমার পিতা আব্দুল জলিল হাওলাদার এবং শামিমার দুই ছেলে-মেয়ে সাকিব (৮) ও সামিয়া (৩) রাতে ঐ জুস পান করেন। এরপর রাতে সবাই ঘুমিয়ে পড়েন। শামীমার স্বামী শাহাবুদ্দিন মল্লিক এদিন বাড়িতে ছিলেন না। শামীমা বলেন, "ভোরে ঘুম থেকে উঠে দেখি ঘরের মালামাল এলোমেলো, আলমারী ভাঙা। ঘরের পেছনের দিকের একটি দরজা খোলা। স্বর্ণালংকার, নগদ টাকা, ক্যামেরা, মোবাইল ফোন কোনটাই নেই। নবাগত ভাড়াটিয়া দম্পতি লাপাত্তা।" তিনি বলেন, "খোয়া যাওয়া মালামালের মূল্য আনুমানিক ১৩ লাখ টাকা।" বাগেরহাট সদর মডেল থানার ওসি শাহীদুল ইসলাম শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রাথমিকভাবে মনে হচ্ছে, ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে একটি প্রতারক চক্র এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ প্রতারকদের পরিচয় উদ্ধার ও তাদের আটক করার চেষ্টা করছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩৫২ ঘ.