ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ইসওয়াতি ইমরান নায়নার সন্ধান বের করতে তার দুই বন্ধুকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে ধানমণ্ডি এলাকা থেকে ফজলে নিজামী হক ওরফে শাওন (২১) এবং তাফসিরুল আলম (২১) কে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ধানমণ্ডি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ লিয়াকত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নায়না অন্তর্ধান সম্পর্কে জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নায়নার কোনো খোঁজ মেলেনি।
নায়নার মা হাজেরা ইমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটক দুই যুবক নায়নার বন্ধ্।ু তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় তা পুলিশকে জানানো হয়।
ধানমণ্ডি বিএনসি ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্রী নায়না (১৮) বুধবার থেকে নিখোঁজ। তার মোবাইল ফোন বন্ধ। তবে অন্য ফোন থেকে নায়নার মায়ের কাছে টেলিফোনে হুমকি দেওয়া হয়, নায়নাকে মেরে ফেলা হবে।
পরিবারের ধারণা, নায়না অপহৃত হয়েছেন। তবে বুধবার সন্ধ্যার পর হুমকি দিয়ে আর কোনো ফোন আসেনি।
নায়নার খালা লোপা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সকাল ১১টায় পুরান ঢাকার সিদ্দিকবাজারের বাসা থেকে বেরিয়ে ধানমণ্ডি স্কলাসটিকা স্কুল থেকে তার ছোট ভাইবোনকে আনতে যায় নায়না। দুপুর ১টায় সর্বশেষ তার সঙ্গে মা হাজেরার কথা হয়। এরপর থেকেই মোবাইল বন্ধ।
নায়নার খালা লোপা বলেন, আর্থিক লেনদেন নিয়ে জটিলতার কারণে মঙ্গলবার নায়নার বাবা ইমরান হান্নান তার এক ব্যবসায়িক অংশীদারকে উকিল নোটিশ পাঠিয়েছেন। এর জের ধরে নায়নাকে অপহরণ করা হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৩৪৪ ঘ.
bdnews24