২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল প্রত্যাহার করলো রংপুরের আলুচাষীরা

ক্ষতিপূরণের দাবিতে ডাকা বুধবারের হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে রংপুরের আলুচাষীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 04:52 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

রংপুর, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্ষতিপূরণের দাবিতে ডাকা বুধবারের হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে রংপুরের আলুচাষীরা। রংপুর আলুচাষী সংগ্রাম পরিষদ সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরে এই হরতাল ডেকেছিলো। হরতালের সমর্থনে সংগ্রাম পরিষদ মঙ্গলবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও সমাবেশও করে। তবে রাতে জেলা প্রশাসনের বৈঠকে ক্ষতিপূরণ পাওয়ার ব্যাপারে সমঝোতা হওয়ায় তারা হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নেয়। রাত সাড়ে ১০টার দিকে সংগ্রাম পরিষদের নেতা বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) রংপুর জেলা সমন্বয়ক আব্দুল কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী ৭ নভেম্বরের মধ্যে আলুচাষীদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস পেয়ে হরতাল প্রত্যাহার করা হয়েছে।" তবে এর মধ্যে ক্ষতিপূরণ না পেলে তারা আবার মাঠে নামবেন বলে তিনি জানান। এর আগে সকালে হরতাল প্রত্যাহারের বিষয়ে জেলা প্রশাসন বৈঠক ডাকে। কিন্তু সংগ্রাম পরিষদের নেতারা বৈঠকে যাননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রংপুর প্রতিনিধি জানান, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে আলুচাষীদের মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের পায়রা চত্বরে সমাবেশ করে তারা। আলুচাষী সংগ্রাম পরিষদের সভাপতি মোখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা গণসংহতি আন্দোলনের সভাপতি তৌহিদুর রহমান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের জেলা আহবায়ক আনোয়ার হোসেন বাবলু, জেলা সমন্বয়ক আব্দুল কুদ্দুস, গণতন্ত্রী পার্টির জেলা সাধারণ সম্পাদক নোমান চৌধুরী, আলুচাষী জিল্লুর রহমান প্রমুখ । বক্তারা অভিযোগ করেন, ছয়মাস আগে রংপুর অঞ্চলের প্রায় আড়াই হাজার চাষী অন্তত ৮০ হাজার বস্তা আলু সংরক্ষণের জন্য শহরতলীর মওলানা হাজী বশির কোল্ডস্টোরে রেখেছিলো। তারা দাবি করেন, হিমাগারের মালিক বিকল্প কোনো বিদ্যুতের ব্যবস্থা না করায় বিদ্যুৎ বিভ্রাটে অনেক আলু পচে নষ্ট হয়ে গেছে। এছাড়া সংরক্ষণের জন্য রাখা বেশকিছু আলু গোপনে বিক্রি করে দিয়েছে। বক্তারা বলেন, ক্ষতিগ্রস্তরা দীর্ঘদিন ধরে ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন করে আসছে। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত রংপুর জেলা প্রশাসক বিএম এনামুল হকের কক্ষে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের বৈঠক হয়েছে। তবে ওই বৈঠকে সংগ্রাম পরিষদের নেতারা যাননি। ফলে হরতাল প্রত্যাহারের ব্যাপারে কোনো সমঝোতা হয়নি। আলুচাষী সংগ্রাম পরিষদের নেতা মোকতার হোসেন সাংবাদিদের বলেন, "এটা মালিক পক্ষের ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয়। আমরা অনেক বার চেষ্টা করেছি প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। তাই বাধ্য হয়ে হরতাল আহবান করেছি।" বৈঠকে উপস্থিত থাকা জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) এর জেলা নেতা সাখাওয়াত হোসেন রাঙ্গা জানান, হিমাগার কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। বৈঠকে আরো উপস্থিত ছিলেন- রংপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট সালেহ মো. তানভীর আহম্মেদ, রংপুর জেলা আওয়ামী লীগের আহবায়ক আবুল মনসুর আহম্মেদ, ওয়ার্কার্স পার্টি নেতা নজরুল ইসলাম হাক্কানী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪৫ ঘ.