২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিটমহলে হামলা: আসামি আড়াই হাজার

পঞ্চগড়ে অবস্থিত ভারতীয় ছিটমহলে হামলায় ঘটনায় একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 02:06 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

পঞ্চগড়, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পঞ্চগড়ে অবস্থিত ভারতীয় ছিটমহলে হামলায় ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো অন্তত আড়াই হাজার লোককে আসামি করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে ভারতীয় ছিটমহল গারাতির মধ্যে এক খণ্ড বাংলাদেশি এলাকায় বাস করা এক ব্যক্তি এই মামলাটি করেছেন বলে পুলিশ জানিয়েছে। ওই ঘটনায় মঙ্গলবার আমিনার রহমান (২৭) নামে আরো একজনকে পুলিশ আটক করেছে। এ নিয়ে নয়জনকে গ্রেপ্তার করা হলো। পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নে অবস্থিত ভারতীয় গারাতি ছিটমহলে শুক্রবার রমজান মেকার নামে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ছিটমহলের আশপাশের বাংলাদেশিরা শনিবার সকালে ওই ছিটমহলে হামলা চালায়। তারা প্রায় দুইশ' বাড়ি-ঘর পুড়িয়ে দেয়। মামলার বাদি মুক্তিযোদ্ধা আইয়ুব আলীর দাবি, ছিটমহলের ভেতরে প্রায় বিশ একরের মত জমি বাংলাদেশি এলাকা। সেখানে তারা কয়েকজন দীর্ঘদিন ধরে বাস করছে। শনিবার ছিটমহলের পাশাপাশি তাদের বাড়িঘর আগুনে পুড়িয়ে দেওয়া হয়। হামলাকারীরা তাদের বাড়ি-ঘরে লুটপাট চালায় বলেও তিনি অভিযোগ করেন। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল ইসলাম জানান, মামলায় অগ্নিসংযোগের মূলহোতা ইউপি সদস্য শাহ আলম ও আটক নয়জনসহ ৫০ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আড়াই হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকেও মামলায় আসামি করা হয়েছে। মামলায় বাড়িতে অনধিকার প্রবেশ, মারধর, চুরি ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে। এসআই জানান, আসামিদের মধ্যে ইয়াছিন আলীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিন হেফাজতে রাখার অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। এদিকে, সচেতনতা ও উদ্বুদ্ধকরণ কমিটির আহবায়ক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার সাদাত জানান, মঙ্গলবার জেলা প্রশাসক বনমালী ভৌমিক বিভিন্ন ত্রাণসামগ্রী শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০২ ঘ.