২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্কের দাবিতে প্রতীক অনশন

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া পৌর শহীদ মিনারে পার্ক নির্মাণের দাবিতে প্রতীক অনশন কর্মসূচি পালন করেছে দুটি পরিবেশবাদী সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2010, 03:44 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া পৌর শহীদ মিনারে পার্ক নির্মাণের দাবিতে প্রতীক অনশন কর্মসূচি পালন করেছে দুটি পরিবেশবাদী সংগঠন। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহীদ মিনার চত্বরে প্রতীক অনশন কর্মসূচি পালন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও নির্ভীক। কর্মসূচি থেকে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো- শহরের জিমখানা, চাঁনমারী ও পাঁচ নম্বর ঘাট সংলগ্ন চাড়ার গোপ পোতাশ্রয় ঘিরে এবং পুরাতন কোর্ট চত্ত্বর ও পরিত্যক্ত কারাগারের স্থানে পার্ক স্থাপন, শীতলক্ষ্যা নদীতীরে হাঁটার রাস্তা, কিছু বসার ব্যবস্থা ও গাছ লাগাতে হবে, গৃহস্থালী ও শহরের বর্জ্য পরিশোধিত করে নদীতে ফেলা, নারায়ণগঞ্জের প্রত্যেক ওয়ার্ডে ন্যূনতম একটি করে উন্মুক্ত স্থান, খেলার মাঠ বা মিনি পার্ক স্থাপন। প্রতীক অনশন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা দাবি করেন, নারায়ণগঞ্জবাসীর বিনোদনের জন্য কোনো পার্ক নেই। অতীতে এ শহরে পার্ক, শিশু পার্ক, এমনকি লেডিস পার্কও ছিলো। বিনোদনের জন্য পার্কের কোনো বিকল্প নেই দাবি করে বক্তারা বলেন, শহীদ মিনার এলাকায় অবিলম্বে পার্ক তৈরি করা না হলে বিক্ষোভ সমাবেশ, অবস্থান, অবরোধ, আমরণ অনশনসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে। নারায়ণগঞ্জ শহর বিএনপির সাধারণ সম্পাদক ও নির্ভীক'র প্রধান সমন্বয়ক এটিএম কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- বাপা'র কেন্দ্রীয় কমিটির দুই যুগ্ম সম্পাদক শরীফ জামিল ও কবির হোসেন, চাঁদের হাট নারায়ণগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা জাকির হোসেন, শিশু সংগঠক ফারুক আহমেদ রিপন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৩ ঘ.