চট্টগ্রাম, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্থ অপারেটর ও শ্রমিকদের দ্বন্দ্বের জেরে চট্টগ্রাম বন্দরের ১২টি জেটিতে কাজ বন্ধ রয়েছে। শ্রমিকদের সঙ্গে চলমান বৈঠক মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত মুলতবি হয়েছে।
সোমবার রাত ৯টা থেকে বন্দরের ছয়টি সাধারণ ও ছয়টি কন্টেইনার জেটিতে কাজ বন্ধ হয়ে যায় বলে জানান সৈয়দ মো. ফরহাদ উদ্দিন।
তিনি বলেন, "জেসিবির (জেনারেল কার্গো বাথ) ১২টি জেটিতে সাময়িক কাজ বন্ধ রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বন্দর কর্তৃপক্ষ শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন।"
ওই বৈঠকে মঙ্গলবার সকাল ১০টায় আবার শুরু হবে বলে জানান বন্দর সচিব।
নতুন নিয়োগ পাওয়া ছয় বার্থ অপারেটর প্রতিষ্ঠানে শ্রমিক নিয়োগ এবং শ্রমিকদের বন্দর থেকে পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন দাবি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে বার্থ অপারেটররা ওই জেটিসমূহে কাজ শুরু করতে চাইলে সরকার সমর্থিত শ্রমিক সংগঠনের কর্মীদের বাধার মুখে পারেনি।
সর্বশেষ সোমবার দুপুরে শ্রমিকরা বন্দরের নয় নম্বর জেটিতে একটি বার্থ অপারেটর প্রতিষ্ঠানের দুই কর্মচারীর ওপর হামলা চালিয়ে আহত করে।
মূল বন্দর এলাকায় ১৬টি জেটির মধ্যে ১০টি কন্টেইনার জেটি এবং ছয়টি সাধারণ জেটি। এর মধ্যে ছয়টি কন্টেইনার জেটি ও সাধারণ ছয় জেটিতে কাজ বন্ধ রয়েছে।
এছাড়া সাইলো জোটি একটি এবং রিভার মুড়িং জেটি পাঁচটি ছাড়াও রয়েছে আরো কয়েকটি বেসরকারি জেটি। ওগুলোতে স্বাভাবিক কাজ চলছে।
ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন দাবি নিয়ে বিক্ষুব্ধ বন্দর শ্রমিকরা জেনারেল কার্গো বার্থে কাজ বন্ধ করে দেয়।
এসময় শ্রমিকরা সংশ্লিষ্ট জেটির সামনে বিক্ষোভও প্রদর্শন করে।
এর জেরে অন্য ছয়টি সাধারণ জেটিতেও কাজ বন্ধ হয়ে যায় বলে তিনি জানান।
শ্রমিক নেতৃবৃন্দ রাতে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন বলে তিনি জানান।
বার্থ অপারেটর ওনার্স এসোসিয়েশনের আহবায়ক শাহাদাত হোসেন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বার্থ অপারেটরদের ইচ্ছে থাকা সত্ত্বেও কিছু শ্রমিকের বাধার কারণে কাজ শুরু করা যায়নি।
তিনি জানান, নিরাপত্তার কথা বিবেচনা করে অন্য ছয়টি সাধারণ জেটিতে কাজ বন্ধ হয়ে যায় বলে তিনি জানান।
গত বৃহস্পতিবার দরপত্রের মাধ্যমে ছয়টি বেসরকারি বার্থ অপারেটর কাজ পায়। শুক্রবার থেকে পর্যায়ক্রমে বন্দরের ছয়টি কন্টেইনার জেটিতে কাজ শুরু করার কথা থাকলেও শ্রমিকদের বাধার মুখে তা পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/পিডি/০১১৪ ঘ.
bdnews24