কুষ্টিয়া, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় গণপিটুনিতে চার চরমপন্থী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ আগ্নেয়াস্ত্র, বোমা ও গুলি উদ্ধার করেছে।
রোববার রাতে কুষ্টিয়া সদর উপজেলায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার নলখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো কুষ্টিয়ার মিরপুর উপজেলার অঞ্জনগাছি গ্রামের সানোয়ার হোসেন ওরফে খনুর ছেলে রেজাউল ইসলাম (৩০), স্বরুপদহ গ্রামের মৃত আজহারুল আলীর ছেলে সিরাজুল ইসলাম ওরফে সিরাজ (৪৪), স্বরুপদহ পালপাড়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে সাগর ওরফে মাফি (৩৮) ও উত্তর কাটদহ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (৪০)।
কুষ্টিয়া সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সিএ হালিম জানান, এই চার জনই নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টির (এমএল জনযুদ্ধ) সদস্য।
তিনি জানান, রোববার দিবাগত রাত ১২ টার দিকে ১০-১২ জনের এক দল সশস্ত্র চরমপন্থী সন্ত্রাসী বড় ধরনের অপরাধ ঘটানোর উদ্দেশ্যে নলখোলা গ্রামে ঘোরাঘুরি করছিল। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে গ্রামের মসজিদের মাইকে সন্ত্রাসীদের ধরার জন্য ডাক দেয়।
গ্রামবাসী লাঠিসোটা নিয়ে চরমপন্থীদের ধাওয়া করে। একপর্যায়ে চার জনকে ধরে গণপিটুিন দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বাকি চরমপন্থীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
এএসপি সিএ হালিম জানান, গনপিটুনিতে চার জনের মৃত্যুর সংবাদ পেয়ে গভীর রাতে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে তল্লাশি চালিয়ে একটি বিদেশী বন্দুক, একটি এল জি (লাইট গান), আটটি হাত বোমা ও বন্দুকের চারটি গুলি উদ্ধার করে।
তিনি আরো জানান, নিহতদের বিরুদ্ধে কুষ্টিয়ার মিরপুর থানায় তিনটি হত্যা, তিনটি অপহরণ, একটি চাঁদাবাজি ও একটি ডাকাতিসহ আটটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা মিরপুর ও পার্শ্ববর্তী এলাকায় খুন, অপহরণ, চাঁদাবাজি ও ডাকাতি করে আসছিলো। অতি স
bdnews24