২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাহেরের ভাইয়ের বির"দ্ধে অভিযোগ লুৎফা তাহেরের

মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কর্নেল এম এ তাহেরের পরিবারের প্রায় তিন একর জমি দখলে তারই আরেক সহোদরের ইন্ধনের অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2010, 11:59 AM

Updated : 25 Aug 2022, 07:05 PM

নেত্রকোনা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কর্নেল এম এ তাহেরের পরিবারের প্রায় তিন একর জমি দখলে তারই আরেক সহোদরের ইন্ধনের অভিযোগ পাওয়া গেছে। তাহেরের পরিবারের অভিযোগ, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার খলিশাউর ইউনিয়নের শিমুলকান্দি গ্রামের ওই জমি দখলে উস্কানি দিচ্ছেন তাহেরের ছোট ভাই স্থানীয় আওয়ামী লীগ সাংসদ ওয়ারেসাত হোসেন বেলাল। তাহেরের স্ত্রী লুৎফা তাহের রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওয়ারেসাত হোসেন বেলালের সরাসরি ইন্ধনেই স্থানীয় আওয়ামী লীগ কর্মী আবদুল আজিজ ওই জমিতে একটি টিনের ছাপড়া তুলে ভূমিহীন থেকে তিন একর সম্পত্তির মালিক বনে যাওয়ার পাঁয়তারা করছে।" জমির মালিক কর্নেল তাহেরের ছেলে আবু কায়সার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই জমি কেনার সময় চাচা (ওয়ারেসাত হোসেন বেলাল) আমাকে উৎসাহিত করেছিলেন । কিন্তু পরে তিনি তার বাসায় আমাকে ডেকে আবদুল আজিজকে কিছু টাকা দিতে বলেন, যেন আজিজ কোনো সমস্যা না করে।" তিনি অভিযোগ করেন, আজিজ সামনে থাকলেও কার্যত সাংসদ বেলালই ওই জমির দখলদার। অবশ্য তাহেরের পরিবারের জমি দখলের কথিত অভিযোগ অস্বীকার করেছেন ওয়ারেসাত হোসেন বেলাল। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিরোধপূর্ণ ওই জমি কর্নেল তাহেরের পরিবারের কেনাটাই উচিত হয়নি। আমি পরিবারের কাউকে অন্যায়ভাবে জমি উদ্ধারে সহযোগিতা করতে এমপি হইনি।" জানা যায়, শিমুলকান্দি মৌজায় জে.এল.নং-বি.আর.এস ১৩৭, আর.ও.আর ২০৪ দাগনং ৬,৭,৮,১০,১১,১২ মূলে দুই একর ২২ শতাংশ ও একই খতিয়ানের দাগ নং-৮, বি.আর.এস দাগনং ১৪ মূলে ৭২ শতাংশ পুকুর বকশী পরিবারের সুরেন্দ্র চন্দ্র দত্তের ছেলে রবীন্দ্র নাথ দত্ত, শ্যামল চন্দ্র দত্ত, সুনীল চন্দ্র দত্ত ও মৃত সুশীল চন্দ্র দত্তের স্ত্রী শিবা রানী দত্ত ২০০৯ সালের ১১ নভেম্বর আবু কায়সারের কাছে ৫ লাখ টাকায় বিক্রি করেন । ওই দিন জমি কেনার দলিলে এক নম্বর সাক্ষী হন আওয়ামী লীগ কর্মী আবদুল আজিজ। জমি কেনার কয়েক মাসের মাথায় শ্যামল দত্ত আবদুল আজিজকে সঙ্গে নিয়ে আবু কায়সারকে জমি মেপে বুঝিয়ে দেন। আবু কায়সার বলেন, "জমি বুঝিয়ে দেওয়ার কয়েকদিন পর আবদুল আজিজ রাতের আধারে একটি টিনের ছাপড়া ঘর উঠিয়ে ওই জমি দখল করেন এবং শিমুলকান্দি মৌজার ২০৮, ১৭৪ ও ১০০ খতিয়ানে ৫৭ শতাংশ জমির মালিকানা দাবি করে শ্যামল চন্দ্র দত্ত ও শিবানী দত্তের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।" এলাকাবাসী জানায়, আবদুল আজিজের বাবা প্রয়াত হাসমত আলী ছিলেন সুরেন্দ্র চন্দ্রের জমির কেয়ারটেকার। লুৎফা তাহের আরো অভিযোগ করেন, ওই জমি দখলমুক্ত করতে স্থানীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, নেত্রকোনা-২ আসনের সাংসদ ও নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু, পূর্বধলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ঈমাম হাসান, নেত্রকোনার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হলেও তারা কেউই সহযোগিতা করেননি। তাহেরের পরিবার জমি কেনার সময় দলিলে ১ নম্বর সাক্ষী হওয়ার সত্যতা স্বীকার করে আবদুল আজিজ বলেন, "এখানে আমারও জমি আছে তাই আমি জায়গা দখল করেছি। এ ব্যাপারে নেত্রকোনার আদালতে আমি মামলা করেছি । রায় আমার বিপক্ষে গেলে আমি দখল করা জমি ছেড়ে দেব।" কয়েকমাস আগে ভূমিহীন হিসেবে আবদুল আজিজ ২৫ হাজার টাকা সরকারি অর্থ সাহায্য পান বলে জানান সাংসদ বেলাল। আজিজের মতো একজন ভূমিহীনের তিন একর জমির মালিকানা দাবির বিষয়ে জানতে চাইলে বেলাল বলেন, "আবদুল আজিজও লোক ভাল নয়।" কর্নেল তাহেরসহ ১৭ জনকে সামরিক আদালতের গোপন বিচারে ১৯৭৬ সালের ১৭ জুলাই সাজা দেওয়া হয়। এরপর ২১ জুলাই ভোররাতে কর্নেল তাহেরের ফাঁসি কার্যকর করা হয়। ১৯৭৫ সালের ২৪ নভেম্বর তাহেরকে গ্রেপ্তার করা হয়। গত ২৩ অগাস্ট হাইকোর্ট কর্নেল তাহেরসহ ১৭ জনের ওই গোপন বিচারের নথি তলব করেছে। সেইসঙ্গে তাহেরের গোপন বিচারের জন্য সমারিক আইনে জারি করা আদেশ ও এর আওতায় গোপন বিচার ও তাহেরের ফাঁসি কার্যকর করাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানাতে সরকারকে নির্দেশ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এইচএ/১৭৪৮ ঘ.