২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একদিন করে দুধ কেনা বন্ধ, বিপাকে খামারীরা

সপ্তাহে একদিন করে দুধ কেনা বন্ধ রাখছে নোয়াখালীর সুবর্নচরের মিল্কভিটা দুগ্ধ শীতলীকরণ কারখানা কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2010, 01:49 PM

Updated : 24 Aug 2022, 06:23 PM

নোয়াখালী, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সপ্তাহে একদিন করে দুধ কেনা বন্ধ রাখছে নোয়াখালীর সুবর্নচরের মিল্কভিটা দুগ্ধ শীতলীকরণ কারখানা কর্তৃপক্ষ। গত মাস থেকে এ অবস্থা চলছে বলে অভিযোগ করেছেন দুধ উৎপাদনকারী সমবায় সমিতির ব্যবস্থাপকরা। তারা জানান, দুধ কেনা বন্ধ রাখলে খামারীরা বিপাকে পড়েন। এ অবস্থায় তাদের কম দামে বাজারে দুধ বিক্রি করা ছাড়া উপায় থাকে না। ২০০৮ সালের ১১ জানুয়ারি সুবর্নচর উপজেলার তোতামিয়ার বাজারে মিল্কভিটার দুগ্ধ শীতলীকরণ কারখানা স্থাপিত হয়। এই কারখানা ঘিরে সেখানে গড়ে ওঠে দুগ্ধ খামার। উপজেলায় ৩৫টি সমবায় সমিতি রয়েছে। চরবাটা হাবিবিয়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির ব্যবস্থাপক আবদুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সন্ধ্যার দিকে কারখানা কর্তৃপক্ষ তাদের জানিয়ে দেয় মঙ্গলবার দুধ কেনা হবে না। কিন্তু গরু তো আর হঠাৎ করে দুধ দেওয়া বন্ধ করে না। মধ্যম চরবাটা সমিতির ব্যবস্থাপক মো. সানাউল্লাহ জানান, মিল্কভিটার দুগ্ধ শীতলীকরণ কারখানা হওয়ার পর সর্বোচ্চ পাঁচ হাজার লিটার পর্যন্ত দুধ সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় আড়াই হাজার লিটার। তিনি জানান, অনেকেই ঋণ করে খামার করেছেন। এখন দুধ কেনা অর্ধেকে নেমে আসায় তারা লোকসানের মুখে পড়েছেন। এছাড়া যে দিন দুধ কেনা বন্ধ রাখে সেদিনের দুধ আর পরদিন নেওয়া হয় না। তবে কিছু কর্মকর্তার সহায়তায় দুধ ব্যবসায়ীরা বরফ কলে রেখে দেওয়া দুধও সরবরাহ করে থাকেন বলে অভিযোগ করেন সানাউল্লাহ। এ ব্যাপারে কারখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. কামরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মিল্কভিটার উপ-মহাব্যবস্থাপকের (সমিতি) নির্দেশে দুধ কেনা বন্ধ রাখা হয়েছে।" এর কারণ তিনি জানেন না বলে দাবি করেন। কারখানা কর্মকর্তাদের অনিয়মের বিষয়টিও অস্বীকার করেন ডা. কামরুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৫ ঘ.